Home আঞ্চলিক এনসিপির কমিটি দিতে সারজিসরা খুলনায়, আলোচনায় একাধিক প্রার্থী

এনসিপির কমিটি দিতে সারজিসরা খুলনায়, আলোচনায় একাধিক প্রার্থী

9

স্টাফ রিপোর্টার।।

জেলা ও মহানগরীর নেতৃত্ব প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) খুলনা সফর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সরজিস আলম ও সারোয়ার তুষার। তাদের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। নগরীর একটি অভিজাত হোটেলে অবস্থান করেন তারা। সেখানে জেলা আহ্বায়ক ও সদস্য সচিব হতে আগ্রহীদের সাক্ষাৎকার নেওয়া হয়।

খুলনা জেলা কমিটির শীর্ষ পদ পেতে সাক্ষাৎকার দিয়েছেন শওকত হোসেন বাবুল, আবু শাহাদাৎ বাবুল, মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, জাহিদুর রহমান প্রিন্স, আরিফুজ্জামান উজ্জল, কদরুল হাসান, হাসানুর রহমান। এদিকে, মহানগর কমিটিতে আলোচনায় রয়েছেন- শরিফুল ইসলাম আহাদ, আহম্মেদ হামীম রাহাত, ডা. আব্দুল্লাহ চৌধুরী ও সাইফ নেওয়াজ।

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় কমিটি গঠন শুরু করেছে এনসিপি।

এনসিপির খুলনা জেলার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, “দলের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগরের কমিটি গঠনের লক্ষে দলের শীর্ষ নেতারা খুলনায় আসেন। আশা করি, খুলনায় এনসিপিকে গতিশীল করার লক্ষে খুব শিগগিরি কমিটি ঘোষণা করা হবে।”

প্রার্থীদের সাক্ষাৎকার শেষে সারজিস আলম তার ফেসবুক একাউন্টে এক পোস্টে লেখেন, খুলনা জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার পর্ব শেষ হলো। শীঘ্রই জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষিত হতে যাচ্ছে। এছাড়াও জেলা ও মহানগরের যুবশক্তি এবং ছাত্রশক্তির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে দিক নির্দেশনামূলক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর ও জেলার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে রাতেই খুলনা ত্যাগ করেন সারজিস আলম।