Home বিনোদন তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা?

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা?

2

বিনোদন ডেস্ক।।

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অভিনেত্রীর স্ফীত পেট নজরে আসার পরই এই আলোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা কাপুর। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এ সময় তার দলের এক সদস্য মাথার ওপর ছাতা ধরে রয়েছেন। ভিডিওটির সবচেয়ে বেশি নজর কেড়েছে কারিনার পেট। সেটি বেশ স্ফীত দেখাচ্ছে। এরপর ছাতা দিয়ে অভিনেত্রীকে আড়াল করে গাড়িতে তোলা হয়।
আর এতেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে কারিনার তৃতীয়বার মা হতে যাওয়ার গুঞ্জন।

কারিনার মা হতে যাওয়ার গুঞ্জনের পেছনে মূলত দুটি বিষয়কে কারণ হিসেবে দেখছেন নেটিজেনরা। প্রথমত, ভিডিওতে অভিনেত্রীর স্ফীত পেটকে তারা বেবি বাম্প হিসেবে দেখছেন। দ্বিতীয়ত, ছাতা দিয়ে কারিনাকে পাপারাজ্জিদের ক্যামেরা থেকে আড়াল করার বিষয়টিকেও তারা অন্তঃসত্ত্বা হওয়ার সঙ্গে মিলিয়ে দেখছেন।

তবে সামাজিকমাধ্যমে জোর আলোচনা চললেও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কারিনা কাপুর কিংবা তার স্বামী সাইফ আলি খান।

কারিনার ঘনিষ্ঠ একজনের সঙ্গে এ বিষয়ে কথা বলা হলে তিনি গুঞ্জনটি সরাসরি উড়িয়ে দেন। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘কারিনা অন্তঃসত্ত্বা নন। খবরটি সত্য নয়।’

ফলে আপাতত ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া কারিনার তৃতীয় সন্তানের মা হওয়ার খবরকে গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

২০১২ সালে সাইফ আলি খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কারিনা কাপুর। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। এরপর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের মা হন কারিনা। তাদের দ্বিতীয় পুত্রের নাম জাহাঙ্গীর আলী খান।