স্টাফ রিপোর্টার।।
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক ও ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি হাসপাতালে বাড়ছে রোগীর চাপ এবং ক্রমান্বয়ে আশঙ্কাজনক হচ্ছে সার্বিক পরিস্থিতি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মাত্র পাঁচ দিনের ব্যবধানে খুলনায় চারজন এবং চলতি বছর বিভাগে মোট ১৪ জনের মৃত্যু হলো। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে মশক নিধনে সিটি করপোরেশনের ব্যর্থতার অভিযোগ তুলে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ঘেরাওয়ের তীব্র হুঁশিয়ারি দিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, সবশেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ১৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৭৬ জন রোগী চিকিৎসাধীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৩ হাজার ৬৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল খুলনা জেলাতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। কেসিসির পরিসংখ্যান অনুযায়ী নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ৩০ নম্বর ওয়ার্ডে সর্বাধিক ১১১ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ২৮ ও ২২ নম্বর ওয়ার্ডকে ‘রেড জোন’ এবং আরও কয়েকটি ওয়ার্ডকে মাঝারি ও কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দেওয়ায় রোগীদের এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরতে হচ্ছে বলে জানা গেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান জানান, হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে এবং চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
এদিকে খুলনায় ডেঙ্গুর এমন ভয়াবহ ছড়িয়ে পড়ার মুখে কেসিসি কর্তৃপক্ষের চরম গাফিলতি ও মশা নিধনে ব্যর্থতার প্রতিবাদে রাজপথে নেমেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
বুধবার (২০ আগস্ট ২০২৬) বিকেলে নগরীর কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সমাপনী বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ বলেন, “খুলনায় ডেঙ্গু এখন ভয়াবহ রূপ নিয়েছে। সাধারণ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অথচ কেসিসি কর্তৃপক্ষ কার্যকর মশক নিধনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।”
তিনি চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, “অনতিবিলম্বে কার্যকর ওষুধ ছিটিয়ে মশা নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ব্যর্থতার প্রতিবাদে সাধারণ জনগণকে সাথে নিয়ে খুলনা সিটি করপোরেশন ঘেরাও কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল।”











































