স্টাফ রিপোর্টার।।
খুলনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার খুলনার বিভাগীয় স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন। ওই আদালতের বেঞ্চ সহকারী ইয়াসীন আলী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকার গ্রামীণ ব্যাংকের সাবেক কেন্দ্র ব্যবস্থাপক রুনা লায়লা, ওই শাখার সাবেক শাখা ব্যবস্থাপক মো. ইনছার আলী, সাবেক দ্বিতীয় কর্মকর্তা রণেশ বিশ্বাস ও সাবেক কেন্দ্র ব্যবস্থাপক মমতাজ পারভীন। তাঁরা সবাই গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
রায় ঘোষণার সময় উল্লিখিত আসামিদের কেউ আদালতে উপস্থিত ছিল না। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।











































