মিলি রহমান।।
এমন অনেকেই আছেন যারা খাওয়ার পরে অস্বস্তি কিংবা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। প্রতিদিন এমন সমস্যায় ঘরোয়া সমাধান খোঁজেন তারা।
আবার একই সঙ্গে ওজন নিয়ন্ত্রণে অনেকে ঘরোয়া সমাধান পছন্দ করেন। আর এসব ক্ষেত্রে রান্নাঘরের পরিচিত একটি উপাদান আদা হতে পারে সহজ একটি বিকল্প। আদা দিয়ে তৈরি চা হজমে সহায়তা করার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এমনটা বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
সহজ হজমে আদা
আদা হজমতন্ত্রের ওপর প্রভাব ফেলতে পারে। ওয়ার্ল্ড জার্নাল অব গ্যাস্ট্রোএন্টেরোলজি-তে প্রকাশিত একটি ছোট গবেষণায় দেখা যায়, আদা খাবার পাকস্থলী থেকে দ্রুত অন্ত্রে পৌঁছাতে সাহায্য করে। তবে এতে হজমের সব ধরনের উপসর্গ উল্লেখযোগ্যভাবে কমেছে এমন প্রমাণ পাওয়া যায়নি।
পেট ফাঁপার সমস্যা স্বস্তি
খাওয়ার পর পেট ফুলে থাকা বা ভারী লাগা অনেকেরই নিয়মিত সমস্যা। ২০১১ সালের একটি গবেষণায় আদা ও আর্টিচোকের সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট হজমের অস্বস্তি, পেট ফাঁপা, বমিভাব ও পেট ভরা ভরা অনুভূতি কমাতে সহায়তা করেছিল। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গবেষণায় সাধারণ আদা চা নয়, আদা ও আর্টিচোকের সাপ্লিমেন্ট ব্যবহার করা হয়েছিল। তাই এক কাপ ঘরোয়া আদা চা একই ফল দেবে এমন নিশ্চয়তা নেই।
ওজন নিয়ন্ত্রণ
আদা চা কোনো ‘ফ্যাট বার্নিং’ পানীয় নয়। তবে ওজন নিয়ন্ত্রণ নিয়ে করা গবেষণায় কিছু ইতিবাচক ফল পাওয়া গেছে। ২০২৫ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা যায়, আদার সাপ্লিমেন্ট গ্রহণকারীদের কোমরের পরিধি ও শরীরের চর্বির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে মোট শরীরের ওজন বা বিএমআই কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, ওজন কমানোর জন্য শুধু আদা চায়ের ওপর নির্ভর করা ঠিক নয়। স্বাস্থ্যকর খাবার ও নিয়মিত শারীরিক কর্মকাণ্ডের পাশাপাশি এটি একটি সাধারণ পানীয় হিসেবে রাখা যেতে পারে।
আদা চা পানের সময়
আদা চা খাওয়ার জন্য সকালই সেরা বা রাতই সেরা এমন শক্ত প্রমাণ নেই। বরং খাওয়ার পর বা যে সময়ে সাধারণত হজমের অস্বস্তি হয়, সে সময়ে পান করা যেতে পারে। রাতে খেলে কালো চা বা অন্য ক্যাফেইনযুক্ত চায়ের বদলে শুধু আদা ভিজিয়ে তৈরি পানীয় বেছে নেওয়া ভালো, বিশেষ করে ক্যাফেইনে ঘুমের সমস্যা হলে।
আদা চা উপকারী হলেও সবকিছু সবার জন্য নাও হতে পারে। তাই সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়াই ভালো। চিকিৎসক আপনাকে সঠিক পরামর্শ দেবেন।











































