বিনোদন ডেস্ক।।
‘টক্সিক: অ্যা ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা নিয়ে শুরু থেকে নানা আলোচনা-সমালোচনা চলছে। বিশেষ করে সিনেমার গান ‘তাবাহি’ প্রকাশের পর কিয়ারা আদভানি ও ইয়াশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়। এর মধ্যেই সিনেমায় ‘নাদিয়া’ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কিয়ারা।
মঙ্গলবার (১৭ আগস্ট) নিজের ইনস্টাগ্রামে ‘টক্সিক’-এর শুটিংয়ের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে কিয়ারা লেখেন, ‘সিনেমার একটি সুন্দর দিক হলো, এটি আমাদের এমন সব জগতে প্রবেশের সুযোগ দেয়, যেগুলো সম্পর্কে আমরা আগে কখনো জানতাম না—কখনো কখনো সত্যিকার অর্থেই।’
নিজের চরিত্র ও শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘প্রতিটি নতুন চরিত্র, প্রতিটি নতুন সেট, প্রতিটি কঠিন চ্যালেঞ্জ আমাকে এমন কিছু শেখায়, যা আগে জানতাম না যে আমি করতে পারি। এই সিনেমা আমাকে অচেনা বিষয়কে স্বাচ্ছন্দ্যের সঙ্গে গ্রহণ করতে, কৌতূহলী থাকতে, শিখতে এবং পুরো অভিযাত্রায় আনন্দ খুঁজে নিতে শিখিয়েছে।’
কিয়ারা আরও বলেন, ‘আমার কাছে বেড়ে ওঠার অর্থ সবসময়ই এমন বিষয়কে ‘হ্যাঁ’ বলা, যেগুলো আপনাকে সামান্য হলেও ভয় দেখায়। এরপর যে যাত্রা শুরু হয়, সেটাকে ভালোবাসাও জরুরি।’
শেষে অভিনেত্রী লেখেন, ‘নতুন দক্ষতা, নতুন অভিযান এবং এমন এক আবেগের জন্য, যা বারবার নতুন কিছুতে ঝাঁপ দিতে আগ্রহী রাখে।’
‘টক্সিক’-এ কিয়ারার সহশিল্পী ইয়াশ এর আগেও অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। ‘আপ কি আদালত’-এ এক প্রশ্নের জবাবে কিয়ারাকে নিয়ে করা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ করেন তিনি।
তিনি আরও ব্যাখ্যা করেন, ‘তারা (দুই চরিত্র) একে অপরকে খুব ভালোবাসে। তারা এমনভাবে এগিয়ে যায়, যেন পৃথিবী কী বলছে, তাতে তাদের কিছু যায় আসে না। সেটি দেখানোর জন্য এমন দৃশ্যের প্রয়োজন ছিল। আর বিশ্বাস করুন, আমরাও সবসময় নার্ভাস থাকি।’
ইয়াশ বলেন, এমন দৃশ্যে অভিনয়ের সময় অভিনেতাদের চুল, শরীর ও নিজেদের দেখতে কেমন লাগছে—এসব নিয়েও ভাবতে হয়। তাঁর মতে, এটি একজন অভিনেতার কাজ। দর্শকদের অভিনেতা হিসেবে নয়, চরিত্র হিসেবে তাদের দেখা উচিত।
এর আগে ‘টক্সিক’-এর ট্রেলার প্রকাশের সময়ও কিয়ারার পেশাদারত্বের প্রশংসা করেছিলেন যশ। তিনি জানান, সিনেমার কাজটি অত্যন্ত কঠিন ছিল। এমনকি শুটিংয়ের সময় কিয়ারার শারীরিক অবস্থার বিষয়েও তিনি ও নির্মাতা গীতু মোহানদাস উদ্বিগ্ন ছিলেন।
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারা ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।











































