স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে বেলু ওরফে ‘শুটার বেলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে নগরীর বড় মির্জাপুর এলাকার একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিনটি শটগানের গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার বেলু পূর্ব বানিয়াখামার এলাকার বাসিন্দা আকবর হাওলাদারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার বেলু খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ‘বি কোম্পানি’র সদস্য। তিন দিন ধরে তিনি বড় মির্জাপুর এলাকার আমেনা মঞ্জিলে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সেখানে অভিযান চালানো হয়।
ওসি জানান, অভিযানে বেলুর কাছ থেকে একটি দেশি তৈরি পাইপগান ও তিনটি শটগানের গুলি উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি টাকার বিনিময়ে বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি পুলিশের।
পুলিশের তথ্য অনুযায়ী, বেলুর বিরুদ্ধে খুলনা থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।










































