Home জাতীয় নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পেল দুদক, প্রজ্ঞাপন জারি

নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার পেল দুদক, প্রজ্ঞাপন জারি

2

ঢাকা অফিস
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে চেয়ারম্যান করে নতুন দুর্নীতি দমন কমিশন (দুদক) গঠন করা হয়েছে। কমিশনের অপর দুই সদস্য হলেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। আজ সোমবার রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রি পরিষদ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি তিনজনের নাম চূড়ান্ত করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। এরপরই প্রজ্ঞাপন জারি করা হলো।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আপিল বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া কমিশনার হিসেবে নাম চূড়ান্ত হওয়া ড. সাজ্জাত হোসেন ভূঁইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর কমিশনার ও অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। আর ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব।
গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়।
দুদক আইন অনুযায়ী, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেন। নতুন তিনজনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে প্রায় সাড়ে পাঁচ মাস পর পূর্ণাঙ্গ কমিশন ফিরে পেল দুর্নীতি দমন কমিশন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করেছে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।