Home খেলাধুলা ঘোষিত হলো খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল: ভোট ১২ সেপ্টেম্বর

ঘোষিত হলো খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের তফসিল: ভোট ১২ সেপ্টেম্বর

61

স্টাফ রিপোর্টার।।

খুলনা জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৬ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনা জেলা স্টেডিয়াম ভবনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার (১৬ আগস্ট ২০২৬) খুলনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তফসিল জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৫ মোতাবেক কার্যনির্বাহী পরিষদের ২৬টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পদগুলোর মধ্যে রয়েছে ৪ জন সহ-সভাপতি, ১ জন সাধারণ সম্পাদক, ১ জন অতিরিক্ত সাধারণ সম্পাদক, ২ জন যুগ্ম-সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ, ১৩ জন নির্বাহী সদস্য, ২ জন নির্বাহী সদস্য (উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকদের জন্য সংরক্ষিত) এবং ২ জন নির্বাহী সদস্য (মহিলা সংরক্ষিত)।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ আগস্ট মঙ্গলবার দুপুর ১২টায় জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকার ওপর সংশোধনের জন্য আপত্তি বা আবেদন গ্রহণ করা হবে ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অতিরিক্ত জেলা প্রশাসকের (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কার্যালয়ে। ২৩ আগস্ট রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব আপত্তির শুনানী ও নিষ্পত্তি সম্পন্ন হবে এবং ২৪ আগস্ট সোমবার বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য আগামী ৩০ আগস্ট রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ফরম ২,০০০ টাকা মূল্যে বিতরণ করা হবে। দাখিলকৃত মনোনয়নপত্র জমা নেওয়া হবে ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে। বাছাই পর্ব শেষে ৪ সেপ্টেম্বর শুক্রবার দুপুর ১২টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তারা ৬ সেপ্টেম্বর রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। ওই দিনই প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ক্রীড়া সংস্থার নোটিশ বোর্ডে প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

সর্বশেষ আগামী ১২ সেপ্টেম্বর শনিবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী একটানা ভোটগ্রহণ শেষে একই দিনে ভোট গণনা ও বেসরকারী ফলাফল প্রকাশ করা হবে। জেলা ক্রীড়া সংস্থার এই নির্বাচনকে ঘিরে খুলনার ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।