Home খেলাধুলা অস্ট্রেলিয়ায় টাইগারদের ঐতিহাসিক জয়ে মুগ্ধ পিটারসেন-জাফর-ম্যাথুসরা

অস্ট্রেলিয়ায় টাইগারদের ঐতিহাসিক জয়ে মুগ্ধ পিটারসেন-জাফর-ম্যাথুসরা

12

স্পোর্টস ডেস্ক।।

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নাড়া দিয়েছে গোটা ক্রিকেট বিশ্বকে। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো তাদের মাটিতে টেস্ট জয়ের অনন্য কীর্তি গড়েছে টাইগাররা।

নাজমুল হোসেন শান্তদের এমন অবিশ্বাস্য নৈপুণ্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় মেতেছেন ক্রিকেট বিশ্বের সাবেক ও বর্তমান তারকারা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন বাংলাদেশের এই দাপুটে জয়ে নিজের বিস্ময় প্রকাশ করেছেন মাত্র দুটি শব্দে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ, বাহ!’

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড বাংলাদেশের এই অর্জনকে মহাকাব্যিক আখ্যা দিয়ে লিখেছেন, ‘কী অসাধারণ অর্জন! সত্যিই দুর্দান্ত! অস্ট্রেলিয়ার মতো শীর্ষ একটি দলকে তাদের নিজেদের মাটিতে এবং তাদের নিজেদের খেলাতেই হারানো সত্যিই অবিশ্বাস্য। বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন।’

ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর টাইগারদের বীরত্বগাঁথা নিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের কী দুর্দান্ত জয়! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারানো এক ঐতিহাসিক অর্জন এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি এক বিশাল মুহূর্ত।’

অস্ট্রেলিয়ার সাবেক পেসার ড্যামিয়েন ফ্লেমিংয়ের চোখে ডারউইনের এই সাফল্য লাল-সবুজের ক্রিকেটে এক নতুন দিগন্তের উন্মোচন।

প্রতিক্রিয়া জানিয়ে তিনি লিখেছেন, ‘ডারউইন এখন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায় হয়ে গেল। দারুণ করেছ বাংলাদেশ!’

সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও জোরালো বার্তাটি এসেছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছ থেকে। টেস্ট ক্রিকেটে আইসিসির ‘দুই স্তরের টেস্ট ব্যবস্থা’ চালুর পরিকল্পনার কড়া জবাব দিয়ে তিনি লিখেছেন, ‘আইসিসির দুই স্তরের টেস্ট ব্যবস্থা পুনর্বিবেচনা করার এটিই আরেকটি মোক্ষম কারণ! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলের বিপক্ষে বাংলাদেশের কী অসাধারণ এক জয়! অভিনন্দন, এই জয় পুরোপুরি তাদের প্রাপ্য।’

ডারউইন টেস্টে বাংলাদেশ কেবল জয়ই তুলে নেয়নি, ম্যাচের প্রতিটি সেশনে নিজেদের শক্তিমত্তার স্পষ্ট ছাপ রেখেছে। টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ইনিংসে অসিদের মাত্র ১৯৮ রানে গুঁড়িয়ে দেওয়ার পর নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রানের বিশাল পাহাড় গড়ে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের ১০৪ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট এবং হাসান মাহমুদের ধারালো বোলিংয়ে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস থামে ২৮৪ রানে।

জয়ের জন্য চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রানের। ১ উইকেট হারিয়েই অনায়াসে সেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা; আর এর মধ্য দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের সোনালী ইতিহাস রচনা করে নাজমুল হোসেন শান্তর দল।