Home খেলাধুলা এই রাত ভুলে যেতে চাইবেন মেসি

এই রাত ভুলে যেতে চাইবেন মেসি

14

স্পোর্টস ডেস্ক।।

পেনাল্টি মিস, ৫৯ মিনিটে হলুদ কার্ডের বিষাদ এবং শেষ পর্যন্ত দলের ৪-১ ব্যবধানের বড় পরাজয়—সব মিলিয়ে একটি ভুলে যাওয়ার মতো হতাশাজনক দিন পার করলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ দুই দলের হাইভোল্টেজ লড়াইয়ে ইন্টার মায়ামিকে গুঁড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে ন্যাশভিল এসসি।

বাবা হোর্হে মেসিকে হারানোর পর এটিই ছিল মেসির প্রথম একাদশে শুরুর ম্যাচ। গত ৮ আগস্ট বাবার প্রয়াণের পর গত ১২ আগস্ট লিগস কাপে লিওনের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

তবে রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে জিওডিস পার্কে স্বাগতিক ন্যাশভিলের মুখোমুখি হয়ে আবারও পরাজয়ের তিতকুটে স্বাদ নিতে হলো মায়ামি অধিনায়ককে। ম্যাচের ২৩তম মিনিটে মায়ামিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিলেন মেসি নিজেই।

কিন্তু তার নেওয়া পেনাল্টি কিক রুখে দেন ন্যাশভিল গোলকিপার ব্রায়ান শোয়েক। ফিরতি বলে সার্জিও রেগিলন জালে বল পাঠালেও, শট নেওয়ার আগে পেনাল্টি বক্সে ঢুকে পড়ার কারণে রেফারি সেই গোল বাতিল করেন।

এর আগে ম্যাচের ১৬তম মিনিটে ইলিয়াস সাদের বানিয়ে দেওয়া ক্রস থেকে চমৎকার হেডে গোল করে ন্যাশভিলকে এগিয়ে নেন অ্যান্ডি নাজার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে মেসির বাড়ানো পাস থেকে তেলাস্কো সেগোভিয়া এক দর্শনীয় ‘স্পিন-মুভে’ গোল করে মায়ামিকে সমতায় ফেরান। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৪২০তম অ্যাসিস্ট।
১-১ সমতায় বিরতি থেকে ফিরেই খেই হারায় মায়ামির রক্ষণভাগ। দ্বিতীয় অর্ধে জোড়া গোল করে ম্যাচের রাজত্ব নিজের করে নেন ন্যাশভিলের হানি মুখতার।

প্রথমার্ধের সমতা ভাঙার ৮ মিনিট পর ব্যাক-হিল শটে মৌসুমে নিজের ১২তম গোলটি করে স্যাম সারিজ মায়ামিকে ৩-১ ব্যবধানে পিছিয়ে দেন। এরপর ৬২তম মিনিটে মায়ামি গোলকিপার রোকো রিওস-নোভোর মারাত্মক ভুল অনুমানের সুযোগ নিয়ে ফাঁকা জালে বল ঠেলে নিজের দ্বিতীয় ও দলের ৪ নম্বর গোলটি নিশ্চিত করেন মুখতার।

মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর সব মিলিয়ে এটি ন্যাশভিলের বিপক্ষে মায়ামির মাত্র দ্বিতীয় পরাজয়। এই বড় হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিল এসসির সঙ্গে মায়ামির পয়েন্ট ব্যবধান আরো বৃদ্ধি পেল।