Home বিনোদন ‘কিস পর্যন্ত করিনি’, ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে রকিংস্টার ইয়াশ

‘কিস পর্যন্ত করিনি’, ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গে রকিংস্টার ইয়াশ

1

বিনোদন ডেস্ক।।

‘টক্সিক’ সিনেমার ট্রেলার, গান প্রকাশের পর থেকেই আলোচনায় ইয়াশ ও কিয়ারা আদভানীর রসায়ন। বিশেষ করে সিনেমার কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

‘টক্সিক’-এ কিয়ারার পাশাপাশি তারা সুতারিয়ার সঙ্গেও বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে ইয়াশকে। এরই মধ্যে প্রকাশিত একটি দৃশ্যে অভিনেতাকে নগ্ন অবস্থাতেও দেখা গেছে। তবে ইয়াশের দাবি, এসব দৃশ্যে কোনো অশালীনতা নেই।

আপকি আদালতে হাজির হয়ে রজত শর্মার প্রশ্নে অভিনেতা বলেন, ‘অশালীনতা মোটেই সমর্থনযোগ্য নয়। আপনারা ভালো করে দেখলে বুঝবেন, আমি তো কিস পর্যন্ত করিনি। সব কিছুরই একটা সীমা আছে, আমরা সেটা বুঝি।’

ঘনিষ্ঠ দৃশ্য পর্দায় কিভাবে উপস্থাপন করা হয়েছে, সে বিষয়েও কথা বলেন ইয়াশ। তাঁর মতে, এ ধরনের দৃশ্যও নান্দনিকভাবে ক্যামেরাবন্দি করা সম্ভব। তিনি বলেন, ‘বিষয়গুলো সুন্দরভাবে ক্যামেরাবন্দি করতে হয়।’ ইয়াশ মনে করেন, কোনো দৃশ্যকে নান্দনিক ও সুন্দরভাবে উপস্থাপনের দায়িত্ব নির্মাতার।

তাঁর ভাষ্যে, ‘টক্সিক’ মূলত নতুন প্রজন্মের দর্শকদের কথা মাথায় রেখেই নির্মাণ করা হয়েছে। তাই উদার মন নিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখলেই এর পূর্ণ স্বাদ পাওয়া যাবে বলেও মন্তব্য করেন এই অভিনেতা।

এর আগে ‘টক্সিক’-এর ‘তাবাহী’ গানের ভিডিও প্রকাশের পর ইয়াশ ও কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি কিয়ারার ব্যক্তিজীবন নিয়েও কটাক্ষ করেন কেউ কেউ। সেই সমালোচনার সময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন ইয়াশ।

সিনেমার ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে ইয়াশ বলেন, দর্শক সেখানে কিয়ারার চরিত্রের খুব সামান্য অংশই দেখেছেন। পুরো সিনেমায় তাঁর অভিনয় আরো বেশি নজর কাড়বে বলেও জানান তিনি। একই সঙ্গে কিয়ারার নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন এই অভিনেতা।

সমালোচনা প্রসঙ্গে ইয়াশ বলেন, ‘একজন অভিনেতা হিসেবে অনেক সময় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হয়। কিন্তু সেগুলো নিয়ে ভাবার প্রয়োজন নেই। নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যেতে হবে। মানুষ শেষ পর্যন্ত সেই কাজেরই প্রশংসা করবে। হয়তো আমরা সময়ের থেকে একটু এগিয়ে আছি।’