স্পোর্টস ডেস্ক।।
আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু সময় ঘনিয়ে এলেও সফরটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি আপাতত অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বাংলাদেশ সফর নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। ভারতের হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিসিআই। তবে সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে এগোতে চাইছে না তারা।
বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের অনুমতি পাওয়ার পরই সফরের পরবর্তী কাজগুলো এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।
সফরের সূচিও এখনো নির্ধারিত হয়নি। সরকারি অনুমোদন মিললে দ্রুতই ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করার কথা রয়েছে।
ভারত সর্বশেষ ২০২২ সালে বাংলাদেশ সফরে এসেছিল। এরপর দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ক্রিকেটীয় সম্পর্কেও অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আগের একটি সফরও পিছিয়ে গিয়েছিল।
চলতি বছর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে নতুন করে উত্তাপ তৈরি হয় মোস্তাফিজুর রহমানকে ঘিরে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট মহলে আলোচনা হয়। পরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার আশা তৈরি হয়। দুই বোর্ডের আলোচনায় সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সম্ভাবনাও তৈরি হয়েছিল।
এখন সেই সফরই আবার অনিশ্চয়তায়। বিসিবির সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও ভারতের সরকারি অনুমোদন না আসায় সিরিজের ভবিষ্যৎ ঝুলে আছে। শেষ পর্যন্ত ভারত বাংলাদেশে আসবে কি না, সেটির উত্তর মিলবে দিল্লির সিদ্ধান্তের পরই।










































