Home খেলাধুলা বাংলাদেশ সফরের অনুমতি চেয়ে ভারত সরকারের দ্বারস্থ হবে বিসিসিআই

বাংলাদেশ সফরের অনুমতি চেয়ে ভারত সরকারের দ্বারস্থ হবে বিসিসিআই

0


স্পোর্টস ডেস্ক

বাংলাদেশে ভারতের সীমিত ওভারের সফরের অনুমতি পেতে দেশটির সরকারের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে সৃষ্ট বিতর্কের পর বিসিসিআই ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্কের অবনতি হওয়ায় এই সিরিজটি অনিশ্চয়তার মধ্যে পড়েছিল।

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার ভারত সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনে সিরিজটি মাঠে গড়ানোর সম্ভাবনা আবারও জোরালো হয়েছে।

বিসিসিআই সূত্র জানিয়েছে, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তাবিত সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ড নিয়মিত যোগাযোগ রাখছে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং বাংলাদেশ সফরের বিষয়ে অনুমতি ও স্পষ্টতা চাইব। এই মুহূর্তে আমরা নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে শিগগিরই আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করব।’

প্রস্তাবিত ভারত সফরের জন্য ২৯ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে কি না, সে সিদ্ধান্ত নেবে ভারত সরকার।

এদিকে ভারতকে বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলতে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবিও। সিরিজটি মূলত ২০২৫ সালে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে তা পরে পিছিয়ে দেওয়া হয়।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তামিম ইকবাল ভারতকে বাংলাদেশ সফরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য অত্যন্ত নিরাপদ একটি দেশ।

সাংবাদিকদের তামিম বলেন, ‘ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ ঘিরে উত্তেজনা অন্যরকম। সাংবাদিক, সমর্থক, ক্রিকেটার—সবাই এই সিরিজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত নিরাপদ একটি দেশ। আমি খুব আশাবাদী, তারা আসবে। আমাদের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আমরা তা করার চেষ্টা করছি।’

তামিম একই সঙ্গে স্বীকার করেছেন, সিরিজটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতে নেই। তিনি বলেন, ‘আমাদের সবাইকে একটি বিষয় বুঝতে হবে—আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, এবং এমন একটি সীমারেখা আছে, যেটি আমার কখনোই অতিক্রম করা উচিত নয়। তাই আমার দায়িত্বের মধ্যে থেকে যা কিছু করা সম্ভব, আমি সেটাই করছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছি এবং ভারত সিরিজ আয়োজনের কী কী সুবিধা রয়েছে, সেসব বিষয় তাদের বোঝানোর চেষ্টা করছি।’

ভারতীয় দল বাংলাদেশ সফরে এলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের পাশাপাশি দ্বিপক্ষীয় ক্রিকেটেও নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।