খুলনাঞ্চল রিপোর্ট
সৌদি আরবে একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে ওই কারখানায় কাজ করছিলেন তারা।
রবিবার (৯ আগস্ট) দেশটির একটি কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
রাত সাড়ে ১০টার দিকে ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। তবে এই মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ১৫ জন, ১৭ জন, এমনকি ১৯ জনের কথাও লিখছেন।
অপরদিকে, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ওই কারখানায় কাজ করা কর্মীদের আত্মীয়-স্বজনের মধ্যে আশঙ্কা ও শোকের ছায়া নেমে এসেছে।











































