Home আলোচিত সংবাদ বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বরিশালের নদী-প্রকৃতিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

4

খুলনাঞ্চল রিপোর্ট।।


বরিশালের সৌন্দর্য ও মানুষের আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। নৌকা ভ্রমণ ও ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেছেন, বরিশাল খুব সুন্দর জায়গা, নৌকা ভ্রমণ তার ভীষণ পছন্দের। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথাও তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত।

রোববার (৯ আগস্ট) দুপুরে কীর্তনখোলা নদীতে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে সংক্ষিপ্ত নৌবিহারে অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রদূত।

জানা যায়, বরিশাল নদীবন্দর থেকে একটি বিলাসবহুল লঞ্চে ঝালকাঠি পর্যন্ত এ নৌবহরে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, রাষ্ট্রদূতের সহধর্মিণী ডিয়ান ডাওকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বরিশাল প্রেসক্লাবের নেতারা।

ক্রিস্টেনসেন বলেন, বরিশালে আমার প্রথমবার। বরিশাল খুব সুন্দর। নৌকা ভ্রমণ আমার ভীষণ পছন্দের। ঢাকা থেকে এসে আমি ভাসমান বাজার ভ্রমণ করেছি। আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।


বরিশাল শহরের সৌন্দর্যের প্রশংসা করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শহরটি খুবই সুন্দর। বরিশালের মানুষের আন্তরিকতায় আমি মুগ্ধ।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ। দুই দেশের অর্থনৈতিক সম্পর্কও ঘনিষ্ঠ। মার্কিন রাষ্ট্রদূত বরিশালে আসায় আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রদূত ভবিষ্যতেও বরিশালে আসবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ, জেলার পুলিশ সুপার এজেএম মোস্তাফিজুর রহমান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এর আগে সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নে অবস্থিত প্রাচীন ঐতিহ্য মিয়াবাড়ি মসজিদ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি মসজিদের ভেতরে প্রবেশ করে স্থাপত্যশৈলী ও সৌন্দর্য ঘুরে দেখেন।