যশোর অফিস।।
যশোরের বাঘারপাড়ায় মা ও ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিজ ঘরের খাটের ওপর গামছা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ছয় বছরের শিশু জিসান এবং গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার মা জুবায়দা খাতুনের (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা-ছেলের মরদেহ উদ্ধার করে।
নিহত জুবায়দা খাতুন ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং জিসান তাঁদের ছয় বছরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়দার গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং ওড়নার দুই প্রান্ত তাঁর দুই হাতে ছিল। অন্যদিকে শিশু জিসানের হাত-পা গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলের এ পরিস্থিতি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা, নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জুবায়দার ছোট বোন পিনজিরা দাবি করেন, জাকির হোসেন দীর্ঘদিন বিদেশে ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। তাঁর ভাই শিহাবের সঙ্গে জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
বাঘারপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) পলাশ বলেন, ঘটনাস্থলের পরিস্থিতি দেখে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।










































