Home স্বাস্থ্য ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সকালের নাশতায় ৭ খাবার

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সকালের নাশতায় ৭ খাবার

0

মিলি রহমান।।

ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে খাবারের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি। বিশেষ করে দিনের শুরুতে কী খাওয়া হচ্ছে, তা সামগ্রিক খাদ্যাভ্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই সমস্যায় অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় চিকিৎসক ডা. সৌরভ শেঠি।

ফ্যাটি লিভারের সমস্যায় সকালের নাশতায় রাখতে পারেন যেসব খাবার—

চিয়া পুডিং, বাদাম ও বেরি

চিয়া বীজে ফাইবার ও ওমেগা-৩ ফ্যাট থাকে। এর সঙ্গে বেরি ও বাদাম যোগ করলে অ্যান্টিঅক্সিডেন্ট ও স্বাস্থ্যকর ফ্যাট পাওয়া যায়। আগের রাতে তৈরি করে রাখলে এটি দ্রুত সকালের নাশতা হিসেবে খাওয়া যায়।

ব্লুবেরি ও বাদাম দিয়ে প্লেইন গ্রিক দই

চিনি ছাড়া প্লেইন গ্রিক দইয়ের সঙ্গে ব্লুবেরি ও বাদাম খাওয়া যেতে পারে। এতে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। চিকিৎসকের মতে, এই ধরনের খাবার অন্ত্র ও লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে।

হুই প্রোটিন ও বেরি দিয়ে ওটমিল

ওটসে থাকা দ্রবণীয় ফাইবার দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। এর সঙ্গে প্রোটিন ও বেরি যোগ করলে নাশতাটা আরও পুষ্টিকর হয়। ডা. শেঠি ইনস্ট্যান্ট ফ্লেভারযুক্ত ওটসের পরিবর্তে রোলড বা স্টিল-কাট ওটস বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সবজি দিয়ে অমলেট

ডিম, পালং শাক, মাশরুম, টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে অমলেট তৈরি করা যেতে পারে। এর সঙ্গে পুদিনা চাটনি বা দই রাখা যায়। রান্নায় সরিষা বা অ্যাভোকাডো তেল ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

মুগ ডাল চিল্লা

মুগ ডাল দিয়ে তৈরি এই প্যানকেকে উদ্ভিজ্জ প্রোটিন ও ফাইবার রয়েছে। এটি গ্লুটেনমুক্ত একটি নাশতা হিসেবে খাওয়া যায়। পুষ্টিগুণ বাড়াতে এর সঙ্গে দই বা পুদিনা চাটনি রাখা যেতে পারে।

হোল গ্রেইন বা স্প্রাউটেড ব্রেডের সঙ্গে অ্যাভোকাডো

হোল গ্রেইন বা স্প্রাউটেড ব্রেডের সঙ্গে অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাট ও ফাইবারের ভালো সমন্বয় তৈরি করে। এটি রক্তে শর্করার ভারসাম্য ও লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী খাদ্যাভ্যাসের অংশ হতে পারে।

সবজি দিয়ে টোফু স্ক্র্যাম্বল

টোফুর সঙ্গে পেঁয়াজ ও বিভিন্ন শাকসবজি দিয়ে তৈরি করা যায় এই নাশতা। এতে তুলনামূলক কম ক্যালোরিতে প্রোটিন পাওয়া যায়। ডা. শেঠি প্রদাহ-বিরোধী উপাদানের জন্য এতে হলুদ ও গোলমরিচ যোগ করার পরামর্শ দিয়েছেন।

চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের সমস্যা থাকলে শুধু একটি খাবারের ওপর নির্ভর না করে সামগ্রিক খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা গুরুত্বপূর্ণ। সকালের নাশতায় অতিরিক্ত চিনি, মিষ্টিজাতীয় খাবার ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে ফাইবার ও প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নেওয়া যেতে পারে।

সূত্র: এনডিটিভি