বিনোদন ডেস্ক।।
ক’দিন আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। সেই সব জেন-জি তরুণের তীব্র সমালোচনা করেছিলেন বলিউড তারকা কঙ্গনা রানৌত। বলেছিলেন, ‘কে পদে থাকবেন আর কে থাকবেন না, বিক্ষোভ দেখিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে তা ঠিক করা যায় না। জনগণ ভোট দিয়ে যে সরকারকে নির্বাচিত করেছেন, সেই সরকার কীভাবে কাজ করবে, তা ঠিক করার অধিকার তাদেরই রয়েছে।
বিক্ষোভ দেখিয়ে সরকারকে চাপে ফেলা ঠিক নয়। যদি এতই আপত্তি থাকে, তা হলে নিজেরাই নির্বাচনে দাঁড়ান। জানি সেই সাহস কারও নেই। তাই ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন।’
কঙ্গনার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে এতটুকু সময় নেননি জেন-জি’রা। এমনকি কঙ্গনার বক্তব্য যে ভুল, তা প্রমাণ করেছেন ককরোচ জনতা পার্টির সঙ্গে আন্দোলনে শরিক হওয়া শিক্ষার্থীরা।
যার দরুন মোদি সরকার বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তাঁর পদ থেকে সরিয়ে নিয়েছেন। এতে করে পরাজয় স্বীকার করতে হয়েছে কঙ্গনাকেও। অবাক করা বিষয় হলো, বাক্যবাণে জর্জরিত করা জেন-জি’দের পক্ষে কঙ্গনা নিজেই এখন সাফাই গাইতে শুরু করেছেন।
আজকাল, এইসময়সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ‘জেন জি’-দের নিয়ে রাতারাতি নিজের মত বদলে ফেলেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত যেসব শিক্ষার্থীকে ‘নর্দমার প্রজন্ম’ বলে কটাক্ষ করেছিলেন; প্রশ্ন তুলেছিলেন তাদের জীবনযাপন, কাজের ধরন ও সামাজিক আচরণ নিয়ে, এখন পক্ষে সাফাই গাইছেন কঙ্গনা।
আগের বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে অভিনেত্রী এখন বলেছেন, ‘এই প্রজন্মের তরুণদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যাচ্ছে। তরুণ প্রজন্ম শুধু সামাজিক মাধ্যমে নিজেদের মতামত প্রকাশ করছে না, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজেও তাদের অংশগ্রহণ বাড়ছে। এক কথায়, এ মুহূর্তে জেন-জি’রা দেশের চালিকা শক্তি।’










































