স্টাফ রিপোর্টার।।
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীকে গুমের বহু আলোচিত মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রবিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিনের জামাতা এবং জাতীয় সংসদের সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুনু বিথার ও কেসিসির প্যানেল মেয়র রাফি উদ্দিনের ভাইজি জামাই।
এর আগে ইলিয়াস আলীকে গুমের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগে উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আবেদন করা হয়েছিল।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে জানান, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানী থেকে ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী গুমের পেছনে উইং কমান্ডার সাইফুরের সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য পাওয়া গেছে।
এর ভিত্তিতেই গত বৃহস্পতিবার আবেদন দাখিল করা হলে শুনানি শেষে আজ রবিবার আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর এই বহুল আলোচিত গুমের ঘটনার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই আইনি পদক্ষেপে ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষের মাঝে বিচার পাওয়ার আশা জোরালো হয়েছে।










































