স্পোর্টস ডেস্ক।।
জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশে আসতে পারেননি সাকিব আল হাসান। তবে দেশে ফেরার কথা অনেকবারই জানিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।
তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলাসহ সব অভিযোগে বিচারের মুখোমুখি হতে চান সাবেক সংসদ সদস্য। তবে এর জন্য বাংলাদেশ সরকারের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি।
সম্প্রতি দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অনুষ্ঠিত এক ‘সংবাদ সম্মেলনে’ যুক্ত হয়ে আবারও আলোচনায় আসার পরেই এমন কথা বলেছেন সাকিব। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘সরকার যদি আমাকে জানায় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তাহলে আমি আনন্দের সঙ্গেই দেশে ফিরব, আদালতের বিচারসহ যা যা প্রয়োজন, সব কিছুরই মুখোমুখি হব। ’
নিজে কোনো অন্যায় করেননি বলেও জানান সাকিব। ৩৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘আমি জানি, আমি কোনো অন্যায় করিনি।’
যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান সাকিব। অন্যথা হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান তিনি।
বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ক্যাপ্টেন যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, তারাই ভালো সিদ্ধান্ত নেবেন, আর আমরা তাদের নির্দেশনা অনুসরণ করব।’
অন্তর্বর্তী সরকারের সময় একবার দেশে ফিরতে বিমানেও উঠেছিলেন সাকিব। কিন্তু মাঝপথে এসে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে হয় তাকে। সেই ঘটনা নিয়ে সাকিব বলেছেন, ‘১২ ঘণ্টার মধ্যে কী বদলে গেল, আমি জানি না। আমি বুঝতে পারি না, বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার মানদণ্ড কিভাবে এটা হতে পারে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে দেশে ফেরা সহজ হতে পারে—অনেকের কাছ থেকেই এমন বার্তা পান তিনি। সেই বিষয়ে সাকিব বলেছেন, ‘এটা বিবেচনা করার প্রশ্নই আসে না।’
বর্তমানে সাকিবের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি ২০২৪ সালের আন্দোলনের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগে, অন্যটি দুর্নীতির অভিযোগে। মামলার বিষয়ে তিনি বলেছেন, ‘এটা হাস্যকর একটা মামলা। যে ব্যক্তি গত ১০ বছর দেশের সবচেয়ে বেশি কর দেওয়া খেলোয়াড়দের একজন, যে সব কর পরিশোধ করেছে, তার অ্যাকাউন্ট দেড় বছর ধরে তদন্তের নামে জব্দ রাখা হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য আমি দেব। কিন্তু তদন্ত করে কিছু না পেলে তো ছেড়ে দেওয়া উচিত।’
গত দুই বছর ধরে নির্বাসিত থাকা সাকিব মা-বাবার সঙ্গে দেখা করতে পারেননি। তাদের বিদেশে যেতে ‘দেওয়া হয়নি’ বলেও দাবি করেছেন তিনি। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমাদের সবার জন্য সময়টা কঠিন ছিল, কিন্তু আমরা টিকে আছি।’
নিজের অবসরের বিষয়েও কথা বলেছেন সাকিব। ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার বলেছেন, ‘আমি বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি লিগ খেলছি। ভালো লাগছে, খেলাটা উপভোগ করছি, ভালো খেলছিও। কিন্তু বয়স এখন আর আমার পক্ষে নেই। তাই খুব বেশি অপেক্ষা করতে পারব না।’











































