স্পোর্টস ডেস্ক।।
বিশ্বকাপ ফাইনাল হয়ে গেছে আজ প্রায় তিন সপ্তাহ হলো। মেসিদের সবাই ফিরে গেছেন যে যার ক্লাবে। কিন্তু এখনও যেন নিউ জার্সির সেই ফাইনাল ঘিরে জল্পনা কমছে না। স্পেনের কাছে ১-০ গোলে হারার পর এবার সামনে এসেছে আর্জেন্টিনার ড্রেসিংরুমে ম্যাচ শুরুর আগে ঘটে যাওয়া একটি কথিত ঘটনার নতুন দাবি।
এমন কী হয়েছিল সেদিন যে আর্জেন্টিনা এত খারাপ খেলেছিল? ড্রেসিংরুমে মেসির যে বক্তব্য ভাইরাল হয়েছিল, তাতে তিনি কী বোঝাতে চেয়েছিলেন? এমন অনেক কৌতূহলের জবাব দিয়েছেন আর্জেন্টিনার ওই সাংবাদিক।
স্পেনের ক্রীড়া দৈনিক মার্কার খবর, সেদিন ফাইনালের আগে কোচ স্কালোনির সঙ্গে নাকি মতবিরোধ তৈরি হয়েছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের। আর্জেন্টাইন দৈনিক ওলে’র ক্রীড়া সাংবাদিক রেনজো পান্তিচ ‘নো পোদেমোস পেরদের’ অনুষ্ঠানে দাবি করেন, ফাইনালের আগে ওয়ার্মআপ চলাকালে আর্জেন্টিনার তিনজন ফুটবলার হালকা চোট বা পেশিতে অস্বস্তি অনুভব করেছিলেন। তাদের মধ্যে ছিলেন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরো।
বিষয়টি জানানো হয় প্রধান কোচ লিওনেল স্কালোনিকে। পান্তিচের দাবি অনুযায়ী, এই পরিস্থিতির কারণে এবং স্পেনের খেলার ধরন বিবেচনায় নিয়ে স্কালোনি ম্যাচের কৌশলে পরিবর্তন আনেন। তিনি মনে করেছিলেন, দলের শারীরিক ক্লান্তির কারণে আক্রমণাত্মক ফুটবল খেললে আর্জেন্টিনা বড় ব্যবধানে গোল হজম করতে পারে। তাই তিনি তুলনামূলক রক্ষণাত্মক পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেন এবং ম্যাচকে প্রয়োজনে টাইব্রেকারে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেন। তবে এই কৌশল নিয়ে ড্রেসিংরুমে মতবিরোধ সৃষ্টি হয় বলেও দাবি করা হয়েছে।
পান্তিচের ভাষ্য অনুযায়ী, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নাকি কোচকে বলেন, ‘আমি একমত নই, আমাদের জয়ের জন্য খেলতে হবে।’ আরেকজন খেলোয়াড়ও নাকি আক্রমণাত্মক ফুটবলের পক্ষে মত দেন এবং বলেন, ‘এটি বিশ্বকাপ ফাইনাল, আমাদের গোল করার সামর্থ্য আছে।’
শেষ পর্যন্ত খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে আলোচনা শেষে অধিনায়ক লিওনেল মেসি দলের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন বলে দাবি করেছেন পান্তিচ। তাঁর মতে, এটি ছিল এমন একটি আলোচনা, যেখানে কোচ খেলোয়াড়দের মতামত শুনতে আগ্রহী ছিলেন।
তবে এসব দাবির কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও নিশ্চিত হয়নি। আর্জেন্টিনা দলের পক্ষ থেকেও ড্রেসিংরুমে কোনো বিরোধ বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের বিষয়টি স্বীকার করা হয়নি। ফলে বিশ্বকাপ ফাইনালের আগে ঠিক কী ঘটেছিল, তা এখনও জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
ইংল্যান্ডের বিপক্ষে জয় আর্জেন্টিনার ‘বিশেষ দিন’
এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে অসাধারণ জয়কে স্থায়ীভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দিনটি স্মরণীয় করে রাখতে তারা ১৫ জুলাইকে ‘জাতীয় ফুটবল দল দিবস’ হিসেবে পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে। এই দিনে সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিলেন লিওনেল মেসিরা।
গত বুধবার কার্যনির্বাহী কাউন্সিলের সভা শেষে দেওয়া বিবৃতিতে এএফএ নিশ্চিত করেছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের সেই দুর্দান্ত জয়কে স্মরণীয় করে রাখতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। আটলান্টায় আলোচিত এই সেমিতে ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৮৪ মিনিট পর্যন্ত তারা এই ব্যবধান ধরে রাখায় মনে হচ্ছিল ফাইনালে উঠতে যাচ্ছে ইংল্যান্ড।
শেষ পর্যন্ত ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলা শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা মাঠের মধ্যেই একটি ব্যানার তুলে ধরেন, যাতে লেখা ছিল ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (মালভিনাস আর্জেন্টিনার)। ফকল্যান্ড দ্বীপপুঞ্জকে মালভিনাস বলে থাকেন আর্জেন্টাইনরা। এই দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যে বিরোধ অনেক পুরোনো, ১৯৮২ সালে যুদ্ধও হয়েছিল দুই দেশের। তাই ব্যানারটি নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ড ফিফায় নালিশও করেছে।











































