স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর বাগমারা এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে আয়করসংক্রান্ত ভুয়া তথ্য ও জালিয়াতির আশ্রয় নিয়ে শটগানের লাইসেন্স হাসিল করার মারাত্মক অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম জাহিদুল খলিফা, যিনি বাগমারা মেইন রোড (সুরতআলী লেন) এলাকার মৃত বেলায়েত হোসেন খলিফার ছেলে।
স্থানীয় অভিযোগ ও দায়িত্বশীল সূত্রে জানা গেছে, জাহিদুল খলিফা নিজের প্রকৃত আয় ও সম্পদ গোপন করে জাল কাগজপত্র এবং ভুয়া আয়কর বিবরণী দাখিল করে একটি শটগানের লাইসেন্স বাগিয়ে নেন। তিনি বিগত আওয়ামী শাসনআমলে প্রভাব খাটিয়ে ও অসত্য তথ্য দিয়ে অস্ত্রের লাইসেন্সটি অনুমোদন করিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও প্রকাশ, ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে জাহিদুল খলিফা এখনও অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। নিষিদ্ধ রাজনৈতিক অপশক্তির সঙ্গে গোপনে আঁতাত রেখে তিনি এলাকা ও আশপাশের পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের।
এ পরিস্থিতিতে একজন চিহ্নিত ব্যক্তির হাতে বেআইনি উপায়ে পাওয়া অস্ত্র থাকা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয়টি খুলনাবাসীর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে জাহিদুল খলিফার শটগানের লাইসেন্স বাতিল, অস্ত্র জব্দ এবং তাঁর যাবতীয় রাষ্ট্রবিরোধী তৎপরতা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে জাহিদুল খলিফার কাছে জানতে চাইলে তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি।










































