Home বিনোদন বিচ্ছেদের মামলা তুলে নিলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা

বিচ্ছেদের মামলা তুলে নিলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা

4

বিনোদন ডেস্ক।।

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও সুপারস্টার সি. জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) বিরুদ্ধে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম। এর ফলে মামলার শুনানি মুলতবি করেছেন আদালত।

শুক্রবার (৭ আগস্ট) সঙ্গীতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ নিয়ে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের কারণ বিচারকের কাছে তুলে ধরেন। এরপর আদালত মামলার শুনানি মুলতবি করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপাট্টু আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি দাবি করেন, দুজনের মধ্যে এমন মতপার্থক্য তৈরি হয়েছে, যা আর মীমাংসা সম্ভব নয়।

তাই তিনি বৈবাহিক সম্পর্কের আইনগত অবসান চান। শুধু বিচ্ছেদই নয়, আবেদনে ভরণপোষণ (অ্যালিমনি) দাবি করার পাশাপাশি চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত দম্পতির বাসভবনে বসবাসের অনুমতিও চেয়েছিলেন তিনি।

চলতি বছর মামলাটির শুনানি একাধিকবার পিছিয়েছে। গত মাসেও নির্ধারিত শুনানিতে বিজয় ও সঙ্গীতা- দুজনের কেউই আদালতে উপস্থিত হননি। পরে আদালত পরবর্তী শুনানির তারিখ হিসেবে ৭ আগস্ট নির্ধারণ করেন।

এর আগের শুনানিগুলোতেও তারা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হননি। উভয় পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, শারীরিকভাবে উপস্থিত হওয়ায় বিভিন্ন ধরনের অসুবিধা থাকায় তারা আদালতে আসতে পারেননি।

অবশেষে শুক্রবার সঙ্গীতা নিজেই ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। তবে তিনি ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। ২০০০ সালের ২৬ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান। পরে ২০০৫ সালে তাদের ঘরে আসে এক কন্যাসন্তান।

এদিকে চলতি বছরের মে মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিজয়-সঙ্গীতার বৈবাহিক বিরোধ নতুন করে আলোচনায় আসে। তবে সর্বশেষ বিচ্ছেদের আবেদন প্রত্যাহারের মধ্য দিয়ে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে তৈরি হওয়া জল্পনায় নতুন মোড় এলো।