ঢাকা অফিস।।
দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। এবার ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক করা ক্যাডমিয়াম স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম ১৯ হাজার ৯৭০ টাকা। সে হিসেবে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম প্রতি গ্রাম ১৯ হাজার ৭৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৬ হাজার ৩৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি গ্রাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সবশেষ গত ৩১ জুলাই সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৯৮ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৪৮ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৪৯ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।











































