স্পোর্টস ডেস্ক।।
ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। কিন্তু ফুটবলের ছোঁয়া যেন এখনো রয়ে গেছে ক্রিকেট মাঠে। ভারতের দিল্লি প্রিমিয়ার লিগে এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম দিয়েছেন হিম্মত সিং।
শেষ বলে জয়ের জন্য প্রতিপক্ষের দরকার ছিল মাত্র ১ রান। প্রথমে সহজ সুযোগ হাতছাড়া করলেও পরের মুহূর্তেই বাঁ পায়ের নিখুঁত শটে স্টাম্প ভেঙে রান আউট করে সুপার ওভারে ম্যাচ নিয়ে যান হিম্মত। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
অরুণ জেটলি স্টেডিয়ামে গত মঙ্গলবার (৪ আগস্ট) রাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়। আউটার দিল্লি ওয়ারিয়র্সের বিপক্ষে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৬ রান তোলে নিউ দিল্লি টাইগার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে আউটার দিল্লি ওয়ারিয়র্স একসময় ৫ উইকেটে ৮০ রানে চাপে পড়ে যায়। সেখান থেকে মনু শুক্লার ১৭ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংসে ম্যাচে ফেরে দলটি।
শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। প্রথম বলেই ৪ মারেন শিবম শর্মা। পরের বলে নেন ১ রান। তৃতীয় ডেলিভারিতে নো বল ও ফ্রি হিট আউটার দিল্লি ওয়ারিয়র্সের সমীকরণ আরো সহজ করে দেয়।
নাটকীয়তা জমে ওঠে শেষ বলে। জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ১ রান। মিড অফে বল থামাতে গিয়ে প্রথমে মিস করেন হিম্মত। কিন্তু মুহূর্তের মধ্যেই ফুটবলারের মতো বাঁ পায়ে বলটিতে জোরালো শট নেন। বল সোজা গিয়ে আঘাত করে নন স্ট্রাইকার প্রান্তের স্টাম্পে। ততক্ষণে ব্যাটার ক্রিজের বাইরে। ফলে রান আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। নিশ্চিত জয়ের মুখ থেকে ফিরে গিয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
অবশ্য সুপার ওভারে হেরে যায় হিম্মতের নিউ দিল্লি টাইগার্স। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় হিম্মত সেই অসাধারণ পায়ের কেরামতি। ঘটনার পর ধারাভাষ্যকাররাও উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। ফুটবলের আবহ এনে তারা বলে ওঠেন, ‘গোওওওল!’
অনেকেই হিম্মতের উপস্থিত বুদ্ধি, ক্ষিপ্রতা এবং ফুটবলীয় দক্ষতার প্রশংসা করেছেন। ক্রিকেট মাঠে এমন ব্যতিক্রমী রান আউট বিরল বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।











































