Home বিনোদন শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার

2

বিনোদন ডেস্ক।।

দীর্ঘদিন ধরে বড় পর্দা থেকে দূরে ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা। মনের মতো গল্প ও চরিত্র না পাওয়ায় অভিনয়ে ফেরার বিষয়ে এত দিন তেমন আগ্রহ দেখাননি তিনি।

তবে এবার সহকর্মী ও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের অনুরোধে ফের সিনেমায় অভিনয়ের আশ্বাস দিয়েছেন এই বরেণ্য অভিনেত্রী। অবশ্য সেই আশ্বাসের সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।

জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন শাকিব খান। দুই তারকার আন্তরিক আলাপচারিতার এক পর্যায়ে ববিতাকে আবারও চলচ্চিত্রে ফেরার অনুরোধ জানান তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব। সেখান থেকেই ফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে প্রথমে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। এরপর ববিতার দীর্ঘদিনের অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গ তুলে তাকে ফের সিনেমায় কাজ করার অনুরোধ করেন শাকিব।

শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরো কাজ করতে চাই।’

শাকিবের এমন অনুরোধে ববিতাও ইতিবাচক সাড়া দেন। তবে জানান, শুধু অভিনয়ের জন্য অভিনয়ে ফিরতে চান না তিনি।

নিজের প্রত্যাশার কথা জানিয়ে ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’

অর্থাৎ শক্তিশালী গল্প ও চ্যালেঞ্জিং চরিত্র পেলে শাকিবের সঙ্গে আবারও পর্দায় ফিরতে প্রস্তুত ববিতা।

অনুষ্ঠানে শাকিবের পেশাদারি ও কাজের প্রতি তার নিষ্ঠারও প্রশংসা করেন ববিতা। পাশাপাশি সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’ দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। নতুন কোনো গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় এই কিংবদন্তি অভিনেত্রীকে দেখা যেতে পারে শাকিবের সঙ্গে।