স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নতুন যোগদানকৃত পুলিশ কমিশনার মোঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অপরাধ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৩ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন পুলিশ কমিশনার খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার তাগিদ দেন তিনি।
কর্তব্য পালনে কঠোর বার্তা দিয়ে কেএমপি কমিশনার বলেন, “দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য, গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না।” তিনি সকল স্তরের কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করার জোর তাগিদ জানান।
সভায় উপস্থিত ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) ও ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) এম, এম শাকিলুজ্জামানসহ কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।










































