Home Lead রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর: বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীর: বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত

4

ঢাকা অফিস।।

সমসাময়িক নানা ইস্যুতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শনিবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলটির এই নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক সাড়ে ৯টায় শেষ হয়। বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা, স্থানীয় সরকার নির্বাচন, দলের সামগ্রিক সাংগঠনিক বিষয়গুলো প্রাধান্য পায় বলে বৈঠকসূত্র জানায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়া বৈঠকের প্রধান এজেন্ডা ছিল দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদের বিপরীতে দলের উপযুক্ত প্রার্থী মনোনয়ন নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

বৈঠকে তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ^র চন্দ্র রায়,

আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বৈঠক শেষে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিয়েছে দলের স্থায়ী কমিটি।

স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘স্পিকার অস্থায়ীভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। আইন অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান করতে হবে। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন ইতোমধ্যে বলেছে, তারা প্রস্তুত আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার জন্য। যেহেতু তারা তফসিল ঘোষণা করতে পারেনি। তফসিল ঘোষণা করলে দলের পক্ষ থেকে কে হবেন, সে দায়িত্ব আমরা স্থায়ী কমিটি চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত করেছি।

এক প্রশ্নে তিনি বলেন, ‘নতুন রাষ্ট্রপতি হিসেবে কোনো নাম প্রস্তাব বা এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমরা দলের চেয়ারম্যানের ওপরই ন্যস্ত করেছি। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি, জমা ও যাচাই-বাছাই হবে। পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে নির্বাচন করতে হবে না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা স্পিকারের সঙ্গে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিন ঠিক করে।’

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে বিএনপি মহাসচিব কথা বলেছেন; তিনি তো বলেছেন যে আমরা এ বছরের শেষের দিকে অথবা আগামী বছরের প্রথম দিকেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত আছি; সে হিসেবে প্রস্তুতি চলছে।

স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য বলেন, ক্ষমতাসীন দল হিসেবে বিএনপির নেতৃত্বাধীন বর্তমান সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক প্রকল্পের পদক্ষেপ, বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়। দলের সাংগঠনিক কাঠামোকে আরও যুগোপযোগী ও শক্তিশালী করার তাগিদ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন ইস্যুতে দলের চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্যদের বিভিন্ন মতামত শোনেন। তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের সর্বময় ক্ষমতা সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়। এ ছাড়া আমেরিকার শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের আসন্ন বাংলাদেশ সফর এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়। পাশাপাশি আগস্ট মাসে রাষ্ট্রীয় কার্য পরিচালনার পাশাপাশি দলীয় শৃঙ্খলা সুদৃঢ় রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি প্রধান।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণার পরই দলটি রাষ্ট্রপতির নাম প্রস্তাব করবে। ইতোমধ্যে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আগামী সেপ্টেম্বরের মধ্যে বসতে যাওয়া সংসদের পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হতে পারে।