বিনোদন প্রতিবেদক।।
দীর্ঘ এক দশক পর অস্ট্রেলিয়ায় দুটি স্টেজ শোতে সংগীত পরিবেশনের লক্ষ্যে গত ২৮ জুলাই ঢাকা ছেড়েছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি জানান, আজ সন্ধ্যায় অস্ট্র্রেলিয়ার সিডনির ‘নরওয়েস্ট কনভেনশন সেন্টার’-এ সংগীত পরিবেশন করবেন। এরপর আগামী ৮ আগস্ট মেলবোর্নের ‘রিসাইটেল সেন্টার’-এ সংগীত পরিবেশন করবেন তিনি। দুটি শোতেই রুনা লায়লা তার কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পাওয়া গানগুলো পরিবেশন করবেন। আর প্রতি শোর শেষ গান হিসেবে যথারীতি থাকবে ‘দামাদাম মাস্ককালান্দার’ গানটি।
রুনা লায়লা বলেন, ‘বহু বছর পর অস্ট্রেলিয়ায় এলাম। তাও প্রায় এক দশক পর। সবকিছু মিলিয়ে ভীষণ ভালোলাগছে। এরই মধ্যে যে গানগুলো দুটো শোতে গাইব আমি, মিউজিশিয়ানদের সঙ্গে প্র্যাকটিসও করেছি। আশা করছি সিডনি এবং মেলবোর্নে প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের সঙ্গে দারুণ সময় কাটবে। আমার গানে গানে আশা করছি মুখরিত হবে সিডনি আর অস্ট্রেলিয়া। ধন্যবাদ আয়োজকদের যারা আমাকে এখানে নিয়ে আসার ব্যাপারে অনেক শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। বহুদিন পর অস্ট্রেলিয়া এসে সত্যিই ভীষণ ভালোলাগছে।’
৮ আগস্ট শো শেষে আরও তিন দিন সেখানে থাকবেন তিনি। এরপর আগামী ১২ আগস্ট তিনি পুরো টিমসহ দেশে ফিরবেন।











































