স্পোর্টস ডেস্ক।।
বয়সটা বেড়েছে। তাতে পারফরম্যান্সেও কিছুটা টান পড়েছেন। ক্যারিয়ারের গোধূলিলগ্ন বলে কথা! ব্যাটে-বলে এখন আর আগের মতো ধারাবাহিক পারফর্মার হতে পারেন না সাকিব আল হাসান।
তবে এখনো নিজের দিনে সেরা সাকিব। কি করতে পারেন সেটা আরেকবার লঙ্কা প্রিমিয়ার লিগে দেখালেন বাংলাদেশি অলরাউন্ডার। ব্যাট-বলের দুর্দান্ত পারফরম্যান্সে জাফনা কিংসে রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার।
সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে হ্যাটট্রিক জয় পেয়েছে জাফনা। টানা তৃতীয় জয়টি এসেছে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে, ২১ রানের। গতকাল পাল্লেকেলেতে অপরাজিত ২২ রানের পর বাঁহাতি ঘূর্ণিতে ৩ উইকেট নিয়ে জয়ে অবদান রেখেছেন সাকিব।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটারদের দলীয় নৈপুণ্যে ৬ উইকেটে ২২১ রানের বড় স্কোর দাঁড় করায় জাফনা।
কোনো ব্যাটার ফিফটি না পেলেও চল্লিশর্ধ্বো দুটি ইনিংস খেলেন কামিল মিশরা ও চামিন্দু বিক্রমাসিংহে। আভিষ্কা ফার্নান্দোকে (৩৬) সঙ্গী করে উদ্বোধনী জুটিতে (৯৫) দলকে দারুণ শুরু এনে দেন মিশরা। ১৮৮.৪৬ স্ট্রাইকরেটে ৫ ছক্কা ও ২ চারে ৪৯ রান করেন।
বিপরীতে ইনিংসের শেষটায় ঝড় তোলেন বিক্রমাসিংহে। ২৮৬.৬৬ স্ট্রাইকরেটে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলেন।
৩ চার ও ৪ ছক্কার ইনিংসটির জন্য পরে ম্যাচসেরাও হন তিনি। ব্যক্তিগত পুরস্কারটি পেতে ২ ক্যাচও সহায়তা করে। দুই শ্রীলঙ্কান ব্যাটারের ঝড় তুলতে না পারলেও মাঝে দুটি কার্যকরী ইনিংস খেলেছেন দুই বাংলাদেশি সাকিব-তাওহিদ হৃদয়।
চারে নেমে ১৬ বলে ২১ রান করা হৃদয়ের বিপরীতে সমান ১৬ বলে ২২ রানে অপরাজিত থাকেন সাকিব। দুজনের ইনিংসে চার-ছক্কা সমান একটি করে। বিপরীতে ক্যান্ডির হয়ে সমান ২টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার মঈন আলি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো এনে দেন দুই ওপেনার লাহিরু উদারা (৩০)-পবন সন্দেশ (৪৮)। ৩.৩ বলে যখন ৪১ রান ঠিক তখনই লাহিরুকে বোল্ড করে জাফনাকে সাফল্য এনে দেন সাকিব। দলের দ্বিতীয় উইকেটও সাকিবের। নিজের দ্বিতীয় ওভারে নেন বাঁহাতি স্পিনার। ৮ ওভারের প্রথম বলে এবার কুশল পেরেরাকে বোল্ড করেন তিনি।
নিজের তৃতীয় উইকেটটি বোলিং কোটা পূরণ করতে আসা ১৭তম ওভারে নেন সাকিব। হাসারাঙ্গাকে আউট করার আগে অবশ্য তার হাতে ৩টি ছক্কা হজম করেন তিনি। তাতে খরুচে বোলিং করলেও লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন সাকিব। ৪৩ রানে নেন ৩ উইকেট। আগের সেরা ছিল ১০ রানে ২ উইকেট। সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ উইকেট সাকিবের ঝুলিতে।
সাকিব সেই ওভারে মার খেলেও পরে ১৮ বলে ৩৫ রানের সমীকরণ মেলাতে দেননি তার সতীর্থরা। শেষ ৩ ওভারে মাত্র ১৩ রান দেন দুনিথ ভেল্লালাগে-জহুর খান-দিলশান মাদুশঙ্কারা। তাতে ২১ রানের জয় পায় জাফনা।
সাকিবের দুর্দান্ত পারফরম্যান্সে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন জাফনা। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে চূড়ায় সাকিবের দল। বিপরীতে সমান ম্যাচ খেলে তাদের পরের দুই স্থান গল গ্যালেন্টস ও কলম্বো ক্যাপসের। দুদলের পয়েন্ট সমান ৮।











































