স্পোর্টস ডেস্ক।।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই ক্ষত আরো বাড়ল ফিফার নতুন সিদ্ধান্তে।
গোটা বিশ্বকাপেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে আর্জেন্টিনার। সেমিফাইনালের শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার দেখানো হোক কিংবা ফাইনালে হেরে স্পেনের ফুটবলারদের সঙ্গে খারাপ আচরণ। তার জন্য একাধিক আর্জেন্টাইন ফুটবলার এবং কোচিং স্টাফকে শাস্তি দেওয়ার পথে হাঁটছে ফিফা।
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
তারকা ডিফেন্ডার নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে দু’বার শারীরিক আঘাতের অভিযোগ।
এ ছাড়া আর্জেন্তিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধেও এমন একটি অভিযোগ আনা হয়েছে। শুধু মারধর নয়, মোলিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর্জেন্টিনার আরো এক মিডফিল্ডার থিয়াগো আলমাদাও রয়েছেন এই তালিকায়।
এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একাধিক নিয়মভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে খেলার মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণবিদ্বেষী আচরণ এবং ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ।
ফিফার দাবি, আর্জেন্টিনা দল এবং সমর্থকদের দেখানো বার্তা (ফকল্যান্ড ইস্যু নিয়ে ব্যানার) এবং একাধিক ম্যাচে সমর্থকদের পক্ষ থেকে মাঠে বিভিন্ন জিনিস ছোড়ার ঘটনাও এই তদন্তের আওতায় রয়েছে।
বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইমে ফেরান তোরেসের গোলে স্পেনের বিরুদ্ধে হেরে যায় আর্জেন্তিনা।
শেষ বাঁশি বাজার পরে স্পেনের ফুটবলার ও কোচিং স্টাফরা মাঠে নেমে সেলিব্রেশন শুরু করেন। তখনই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। দুই দলের ফুটবলারদের মধ্যে শুরু হয় হাতাহাতি। তখন নাহুয়েল মোলিনা স্পেনের মিডফিল্ডার রদ্রির পেটে ঘুষি মারেন বলে অভিযোগ। লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়ার গলা চেপে ধরা এবং গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলেন।
ফিফা জানিয়েছে, পুরো বিষয়টি তাদের ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর খতিয়ে দেখবেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট ফুটবলার এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে যোগ করে সংস্থাটি।











































