Home জাতীয় ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

ঢাকার কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা, কাঁচামালসহ গ্রেপ্তার ৪

1

ঢাকা অফিস।।

ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-১০। পরে ওই কারখানায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনী।

গ্রেপ্তাররা হলেন- মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩০)। এর মধ্যে আলমগীর রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া তিনটি মাদক মামলার আসামি।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার কেরানীগঞ্জ থানার মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

র‍্যাব জানায়, কেরাণীগঞ্জে র‍্যাব-১০-এর আওতাধীন এলাকায় ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এ ছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। এ সময় চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, গ্রেপ্তাররা সবাই পেশাদার মাদক কারবারি। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদে আরও কারখানা থাকার ইঙ্গিত পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য কেরাণীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।