Home আন্তর্জাতিক চীন ইরানকে অস্ত্র দিলে খুবই হতাশ হবো: ট্রাম্প

চীন ইরানকে অস্ত্র দিলে খুবই হতাশ হবো: ট্রাম্প

2

আন্তর্জাতিক ডেস্ক।।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর ‘খুবই হতাশ’ হবেন। এ বিষয়ে শি জিনপিংয়ের কাছ থেকে তিনি ভিন্ন ধরনের আশ্বাস পেয়েছেন বলেও জানান ট্রাম্প।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরান চীনে তৈরি ৩০০ থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা (ম্যানপ্যাডস) পেতে পারে। সম্ভাব্য এ চুক্তির মূল্য ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের ওই প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এমন ঘটনা ঘটলে তা হবে বিস্ময়কর। তিনি বলেন, ‘শি জিনপিং আমাকে খুব দৃঢ়ভাবে বলেছেন, তিনি এতে জড়িত থাকবেন না। তিনি জানেন, যদি এমনটি ঘটে, তাহলে আমি খুবই হতাশ হবো।’

এর আগে সিএনএনও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে চীনের দূতাবাস সেই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

এদিকে চীন থেকে ইরানের কাছে সম্ভাব্য অস্ত্র সরবরাহের বিষয়ে এখন পর্যন্ত বেইজিং বা তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।