স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ জয়ের গৌরবের পর এবার স্মারক সংগ্রহের বাজারেও নতুন ইতিহাস গড়লেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। বার্সেলোনার এই উইঙ্গারের বিরল ‘ওয়ান অব ওয়ান’ কাবুম রুকি কার্ড নিলামে বিক্রি হয়েছে ৭ লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে, যা একই নিলামে বিক্রি হওয়া লিওনেল মেসি ও পেলের স্মারক কার্ডের দামকেও ছাড়িয়ে গেছে।
নিলাম আয়োজকদের তথ্য অনুযায়ী, ইয়ামালের একমাত্র সংস্করণের এই বিশেষ রুকি কার্ড সংগ্রাহকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি করে। শেষ পর্যন্ত কার্ডটি বিক্রি হয় ৭লাখ ৭ হাজার ৬০০ মার্কিন ডলারে, যা তাকে স্মারক সংগ্রহের বাজারে নতুন উচ্চতায় নিয়ে গেছে।
একই নিলামে ব্রাজিলের কিংবদন্তি পেলের রুকি কার্ড বিক্রি হয়েছে ৬ লাখ ১০ হাজার মার্কিন ডলারে। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্রোম স্যাফায়ার সিরিজের বিশেষ একটি কার্ড বিক্রি হয়েছে ৩ লাখ ১৭ হাজার ২০০ মার্কিন ডলারে। নিলামমূল্যের বিচারে এই দুই কিংবদন্তিকেও পেছনে ফেলেছেন স্পেনের উদীয়মান তারকা ইয়ামাল।
শুধু একটি কার্ডই নয়, ইয়ামালের আরও দুটি স্মারকও নিলামে বড় অঙ্কের দামে বিক্রি হয়েছে। সব মিলিয়ে তার তিনটি স্মারক বিক্রি থেকে নিলাম কর্তৃপক্ষ আয় করেছে ১০ লাখ ৪৯ হাজার ২০০ মার্কিন ডলার।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর মাঠের সাফল্যকে এবার স্মারক সংগ্রহের বাজারেও প্রতিফলিত করলেন লামিন ইয়ামাল। অল্প বয়সেই ফুটবলের অন্যতম আলোচিত তারকায় পরিণত হওয়া এই স্প্যানিশ ফুটবলারের স্মারকের প্রতি সংগ্রাহকদের আগ্রহ যে দ্রুত বাড়ছে, সাম্প্রতিক এই নিলাম তারই আরেকটি প্রমাণ।









































