স্টাফ রিপোর্টার।।
খুলনার ফুলতলায় এক যুবককে পরিকল্পিতভাবে ‘হানি ট্র্যাপে’ ফেলে নির্জন কক্ষে জিম্মি, বেধড়ক মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের নারীসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভুক্তভোগী যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
গত ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়কের ‘ঢাকা আবাসিক হোটেল’-এর মালিক বিল্লাল হোসেন সজিবের ভাড়া বাসায় এ নৃশংস অপরাধের ঘটনাটি ঘটে।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের কোতোয়ালী থানার ইচ্ছাপুর গ্রামের মোঃ মিলন হোসেনকে (৩৮) আসামি সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০) ফুসলিয়ে ফুলতলার উক্ত বাসায় ডেকে নিয়ে যান। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা প্রতারক চক্রের সদস্য সাবিনা বিশ্বাস, ঝুমুর জমাদ্দার (৩২), স্থানীয় দৈনিক ‘ফুলতলা প্রতিদিন’ পত্রিকার প্রতিনিধি সাদ্দাম হোসেন সুমন (৩৬) এবং তাদের অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগী পরস্পর যোগসাজশে মিলন হোসেনকে জিম্মি করে হানি ট্র্যাপে ফেলে।
পরবর্তীতে আসামিরা মিলন হোসেনকে নির্দয়ভাবে মারধর করে, জোরপূর্বক তাঁর নগ্ন ভিডিও ধারণ করে এবং জীবননাশের ভয় দেখিয়ে জিম্মি করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। একপর্যায়ে ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হতে থাকলে বিষয়টি ধামাচাপা দিতে চক্রটির সদস্য সাদ্দাম হোসেন সুমন কৌশল বদলে পুলিশকে খবর দেন। তবে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম মিলন হোসেনকে উদ্ধার করে এবং ঘটনার থলের বিড়াল উন্মোচিত হলে জড়িত ৩ জনকে তৎক্ষণাৎ হেফাজতে নেয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ-বাজার এলাকার আব্দুল মজিদ মোড়লের মেয়ে সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০), ফুলতলা উপজেলার দামোদর গ্রামের আঃ রশিদ জমাদ্দারের মেয়ে ঝুমুর জমাদ্দার (৩২) এবং খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সুমন (৩৬)।
ঘটনায় ভুক্তভোগী মোঃ মিলন হোসেন বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮(২)/৮(৭) ধারায় ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, জিআর- ৬৯, তারিখ- ৩০/০৭/২০২৬ খ্রিঃ)।
এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার সাথে সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মেলায় সাদ্দাম হোসেন সুমনকে ‘দৈনিক ফুলতলা প্রতিদিন’ পত্রিকা থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট পত্রিকা সূত্রে নিশ্চিত করা হয়েছে।










































