আন্তর্জাতিক ডেস্ক।।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যবস্থাপনা নিয়ে ওমানের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালির নৌপথে ইরানের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হওয়া উচিত। একই সঙ্গে ইরান সতর্ক করেছে, তাদের প্রস্তাব গ্রহণ না করলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
বার্তাসংস্থাআল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
তিনি বলেন, ওমান এমন একটি প্রস্তাব দিয়েছিল, যাতে হরমুজ প্রণালির জাহাজ চলাচলের রুটের ৫০ শতাংশ ইরানের আঞ্চলিক জলসীমায় এবং বাকি ৫০ শতাংশ ওমানের জলসীমায় থাকবে। সে অনুযায়ী, জাহাজগুলো ইরানের জলসীমা দিয়ে প্রবেশ করে ওমানের জলসীমা দিয়ে প্রণালি অতিক্রম করবে।
তবে তেহরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে ওই প্রতিবেদনে জানান হয়েছে।
গরিবাবাদি বলেন, ইরানের পাল্টা প্রস্তাব হলো প্রণালির যেসব অংশ ইরানের আঞ্চলিক জলসীমার মধ্যে রয়েছে, সেগুলোর পাশাপাশি ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া নৌপথের একটি অংশও ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে।
তার ভাষায়, ‘আমাদের প্রস্তাব হলো, হরমুজ প্রণালির ট্রানজিট রুটের একটি অংশ আমাদের আঞ্চলিক জলসীমায় থাকবে এবং ওমানের জলসীমার মধ্য দিয়ে যাওয়া অংশও আমাদের নিয়ন্ত্রণে পরিচালিত হবে।’
তিনি আরও বলেন, ওমান যদি এই প্রস্তাব গ্রহণ না করে, তাহলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই প্রণালিটি কার্যত বন্ধ হয়ে আছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে।











































