Home আন্তর্জাতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে আরাগচির সঙ্গে ইইউ প্রতিনিধির ফোনালাপ

আঞ্চলিক উত্তেজনা নিয়ে আরাগচির সঙ্গে ইইউ প্রতিনিধির ফোনালাপ

0


আন্তর্জাতিক ডেস্ক।।

উপসাগরীয় অঞ্চলের চলমান পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তা এবং সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনা নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র ও নিরাপত্তাবিষয়ক উচ্চ প্রতিনিধি কাজা কাল্লাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাল্লাস জানান, উপসাগরীয় অঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি মধ্যস্থতাকারীদের জন্য কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করার সুযোগ তৈরি করেছে।

তিনি বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে সংঘর্ষ থেকে সাময়িক বিরতি মধ্যস্থতাকারীদের কূটনীতিতে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে পারে এবং পূর্ণমাত্রার যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকাতে সহায়ক হতে পারে।’

আলোচনায় ইরানে দুই ফরাসি কূটনীতিককে অল্প সময়ের জন্য আটকে রাখার ঘটনাও উত্থাপন করেন কাল্লাস। তিনি এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘আগ্রাসনের’ একটি উদাহরণ বলে উল্লেখ করেন।

এছাড়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সামরিক সহায়তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন ইইউর শীর্ষ কূটনীতিক। তিনি জানান, ফোনালাপে তিনি আবারও ইরানকে মস্কোর প্রতি সামরিক সহায়তা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

কাল্লাস আরও বলেন, কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে প্রাণঘাতী ইউক্রেনীয় হামলার পর উত্তেজনা কমাতে আব্বাস আরাগচি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে কথা বলেছেন। তিনি এই যোগাযোগকে ‘আশাব্যঞ্জক’ বলে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন, এর মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমিত হবে।

উল্লেখ্য, কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে সাম্প্রতিক হামলার পর ইরান ও ইউক্রেনের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়ে আসছে।