স্পোর্টস ডেস্ক।।
পাকিস্তানের ইসলামাবাদে চলমান সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) পুরুষ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে ফাইনালে উঠেছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক লাফে ৭৩ ধাপ এগিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান শ্রীলঙ্কাকে হারানোয় শিরোপার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফাইনালে ওঠার পথে বাংলাদেশ পাঁচটি ম্যাচ জিতেছে। এই সাফল্যের ইতিবাচক প্রভাব পড়েছে এফআইভিবির র্যাঙ্কিংয়েও। প্রতিযোগিতা শুরুর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৮তম। আজ প্রকাশিত হালনাগাদ র্যাঙ্কিংয়ে তারা উঠে এসেছে ৭৫ নম্বরে।
নিয়মিত র্যাঙ্কিংভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে না পারায় দীর্ঘদিন ধরেই পিছিয়ে ছিল বাংলাদেশ। সর্বশেষ ২০২৩ সালের এশিয়ান পুরুষ ভলিবল চ্যাম্পিয়নশিপে র্যাঙ্কিং পয়েন্ট অর্জনের সুযোগ পেয়েছিল দলটি। কাভা চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক জয়ের সুবাদে এবার বড় ধরনের অগ্রগতি হলো বাংলাদেশের।
লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। অন্য ম্যাচগুলোতে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারায় হরষিত বিশ্বাসের দল। সেমিফাইনালেও উজবেকিস্তানকে হারিয়ে অপরাজেয় ছন্দে ফাইনালে পৌঁছে যায় তারা।
কাভা চ্যাম্পিয়নশিপে এর আগে একবারই শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের ফাইনালে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয় পেলে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।










































