মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি।।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের এক দিনের ব্যবধানে সাময়িক বরখাস্ত হলেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। গত সোমবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গত ২৫ জুলাই ২০২৬ তারিখে খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবন, এমনকি শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখতে পান যা চিকিৎসা সেবায় সুনাম নষ্ট করছে।
যেহেতু সরকারি চাকরি আইন ২০১৮-এর ২৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা বিভাগীয় কার্যধারা রুজু করা হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ অভিযোগের মাত্রা ও প্রকৃতি, অভিযুক্ত কর্মচারীকে তাহার দায়িত্ব হতে বিরত রাখিবার আবশ্যকতা, তৎকর্তৃক তদন্ত কার্যে প্রভাব বিস্তারের আশঙ্কা ইত্যাদি বিবেচনা করিয়া তাহাকে সাময়িক বরখাস্ত করিতে পারিবে। সেহেতু ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনের তারিখ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, গত শনিবার বেলা ১১টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। প্রায় আড়াই ঘণ্টা অবস্থান করে তিনি হাসপাতালের প্রতিটা বিভাগ পরিদর্শনে নানা অনিয়ম দেখতে পান। হাসপাতালের একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন কক্ষ ভর্তি সরকারি ওষুধ, স্যালাইন, সুই-সিরিঞ্জ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী যা অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। এমনকি শৌচাগারেও স্যালাইন ও ওষুধের স্তূপ দেখতে পান মন্ত্রী।
পরদিন রোববার বিকেলে স্বাস্থ্য কমপ্লেঙ্ পরিদর্শনে আসেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন। পরিদর্শনকালে ডা. মো. মোশাররফ হোসেন হাসপাতালের পরিত্যক্ত ভবনে থাকা প্রায় ২৯ লাখ টাকা মূল্যের ৩০ প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ যথাযথ প্রক্রিয়ায় অপসারণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর জন্য জেলা সিভিল সার্জনকে নির্দেশ দেন। একই সাথে মোরেলগঞ্জ হাসপাতালে কর্মরত যে সকল কর্মকর্তার সময়ে বিপুল পরিমাণ ওই ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে পরিত্যক্ত হয়ে রয়েছে সেই সকল কর্মকর্তাকেও কারণ দর্শানোর নোটিশ দেয়ার নির্দেশ দিয়েছেন।
এ সময় তিনি মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ লাগোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি পরিচালিত ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করার নির্দেশ দেয়ায় সেটিকে সিলগালা করে দেয়া হয়েছে।










































