Home আঞ্চলিক খুলনায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, দিনে-দপুরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টা

খুলনায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার, দিনে-দপুরে যুবককে গুলি ও কুপিয়ে হত্যার চেষ্টা

34


স্টাফ রিপোর্টার
নগরীর লবনচরা থানাধীন মাথাভাঙ্গা এলাকায় খুলনা রিভারভিউ পার্কের সামনে দিনে দুপুরে প্রকাশ্যে আরিফ শিকদার (২৪) নামের এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফ শিকদার ওই এলাকার বাসিন্দা আবুল কালাম শিকদার ছেলে।
অপরদিকে নগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আরিফ শিকদার খুলনা রিভারভিউ পার্কের সামনে অবস্থান করছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ছয়জন দুর্বৃত্ত সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার বুকের ডান পাশে একটি গুলি বিদ্ধ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।


লবনচরা অফিসার ইনচার্জ সৈয়দ মোশাররফ হোসেন জানান, মাথাভাঙ্গা এলাকায় খুলনা রিভারভিউ পার্কের সামনে আরিফ শিকদার নামে এক যুবককে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায় এবং পরে তাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা অন্য কোনো বিরোধের জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।


অপরদিকে নগরীর আড়ংঘাটা থানাধীন রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমন আড়ংঘাটা থানার বাসিন্দা সোবহান শেখের ছেলে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃর্ত্তরা তাকে গুলি করে হত্যার পর ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ মো. হালিমুর ইসলাম জানান, স্থানীয় বাসিন্দারা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি আরও জানান, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা এবং অন্যান্য সম্ভাব্য সূত্র যাচাই করা হচ্ছে।