Home বিনোদন বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

6

বিনোদন ডেস্ক।।

রাজধানীর তিনশ ফিট এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় মামলা করতে গেছেন তিনি। অভিযোগ সূত্রে জানা গেছে, একটি বিজ্ঞাপনের চুক্তি স্বাক্ষরের কথা বলে স্নিগ্ধাকে ওই হাসপাতালে ডাকা হয়। সেখানে পৌঁছানোর পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

স্নিগ্ধার দাবি, নির্যাতনের সময় অভিযুক্ত ব্যক্তি নিজেকে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়ে তাকে ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেন। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি দেশের একটি প্রভাবশালী শিল্পগোষ্ঠীর মালিকানাধীন হওয়ায় ঘটনার পরপরই তিনি মামলা করতে সাহস পাননি। বিষয়টি প্রকাশ্যে এলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে— এমন আশঙ্কা থেকেই প্রথমে আইনি পদক্ষেপ থেকে বিরত ছিলেন বলে জানান তিনি। তবে পরে সাহস সঞ্চয় করে খিলক্ষেত থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত পাঁচ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করে পরিচিতি পেয়েছেন স্নিগ্ধা চৌধুরী। মডেলিং ও বিজ্ঞাপন চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি পরিচালক রায়হান রাফীর ‘রাস্তা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। র‍্যাম্প মডেল হিসেবেও তিনি বেশ পরিচিত। আন্তর্জাতিক ফ্যাশন আসর গ্লোবাল ইন্ডিয়ান কুতুর উইকে অংশ নিয়েছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত বিভিন্ন ফটোশুট ও ফ্যাশন কনটেন্ট শেয়ার করে অনুসারীদের নজর কাড়ছেন।