Home আন্তর্জাতিক পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় ইসরায়েলি বাহিনীর

পশ্চিম তীরে ব্যাপক ধরপাকড় ইসরায়েলি বাহিনীর

13


আন্তর্জাতিক ডেস্ক।।

অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার সকালে সেখান থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনিকে আটক করেছে তারা। ইহুদিদের একটি অবৈধ বসতির কাছে গোলাগুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত হওয়ার জেরে এ দিন ধরপাকড় চালানো হয়।

ফিলিস্তিনের সরকারি বেতার কেন্দ্র ভয়েস অব প্যালেস্টাইন জানিয়েছে, অধিকৃত ভূখণ্ডের উত্তরাঞ্চলে নাবলুসের পশ্চিমে তেল শহরের একটি চলমান অভিযানে ৪০ জনের বেশি তরুণ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা শহরের একটি বাড়ি দখল করে সেটিকে মাঠপর্যায়ের জিজ্ঞাসাবাদ কেন্দ্রে পরিণত করেছে। শহরটি চারদিক থেকে ঘিরে ফেলে বাড়ি-ঘরে ব্যাপক তল্লাশি চালানো হয়।

অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে শুক্রবার এক হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হন। এর জেরে শুক্রবার পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে ব্যাপক সামরিক অভিযানের নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ইসরায়েলি দখলদাররা নাবলুস প্রদেশের বেশ কয়েকটি ফিলিস্তিনি সম্প্রদায়ের ওপর বর্বরোচিত হামলা চালায় এবং তাদের বাড়ি-ঘর ও সম্পত্তিতে আগুন ধরিয়ে দেয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, শুক্রবার তেল শহরে ইসরায়েলি দখলদার ও বাহিনীর যৌথ হামলায় চারজন ফিলিস্তিনি নিহত হন। তারা আরও বলেছে, চলতি বছরের শুরু থেকে পশ্চিম তীরে ৮৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের হামলায়। তাদের মধ্যে ২১ জনই অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের হাতে নিহত হন।

এদিকে, ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এক প্রতিবেদনে জানিয়েছে, জেনিন শহর এবং ওই প্রদেশের বেশ কয়েকটি গ্রাম ও শহরে শনিবার ভোরের আগে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। সেনারা বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচজন ফিলিস্তিনিকে আটক করে এবং প্রদেশের বিভিন্ন অংশে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ ছাড়া বেথলেহেম প্রদেশ থেকে আরও তিন ফিলিস্তিনিকে আটক করে ইসরায়েলি বাহিনী।

হিউম্যান রাইটস ওয়াচের সতর্কবার্তা : অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্রুত বেড়ে চলায় বড় ধরনের নৃশংসতার আশঙ্কা তৈরি হয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। শুক্রবার সংস্থাটি বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

শুক্রবার নাবলুসের কাছে তেল এলাকায় ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলার পর দেওয়া এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনবিষয়ক গবেষক সারাহ সানবার মন্তব্য করে বলেন, ‘ইসরায়েল সরকার সেখানে বসতি স্থাপনকারীদের রোধ করতে পারেনি। এখন তাদের হামলায় পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে- এমন সামরিক অভিযান বন্ধ করতে হবে।’

সারাহ সানবার বলেন, ‘বছরের পর বছর ধরে আইনহীনতা এবং হামলার দায়মুক্তি পশ্চিম তীরকে বিস্ফোরণের অপেক্ষায় থাকা বারুদের স্তূপে পরিণত করেছে। পরিস্থিতি মোকাবিলায় এখনই দৃঢ় পদক্ষেপ প্রয়োজন।’

হিউম্যান রাইটস ওয়াচের এই গবেষক বলেন, ‘ইসরায়েল সরকার আরও নৃশংসতা চালিয়ে যাওয়ার কোনো ধরনের অবাধ সুযোগ পেয়েছে বলে মনে না করে, সে জন্য বিভিন্ন দেশের সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে।’