Home আলোচিত সংবাদ তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু

তীব্র খাদ্যসংকটে মাদাগাস্কার, অপুষ্টিতে ভুগছে ৫ লাখের বেশি শিশু

1

আন্তর্জাতিক ডেস্ক।।

আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে চলতি বছরের শেষ দিকে খাদ্যসংকট আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে সংকটজনক খাদ্য অনিরাপত্তায় ভোগা মানুষের সংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত সময়ে দেশটির ৫ বছরের কম বয়সী প্রায় ৫ লাখ ২ হাজার শিশু (প্রতি ১০ জন শিশুর মধ্যে একজন) তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। একই সঙ্গে ২১ হাজার গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীও অপুষ্টির ঝুঁকিতে রয়েছেন।

ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশনের (আইপিসি) গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে, আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৭৮ হাজার শিশু গুরুতর তীব্র অপুষ্টিতে ভুগতে পারে। যা অপুষ্টির সবচেয়ে মারাত্মক ধরন এবং তাদের জরুরি চিকিৎসা প্রয়োজন।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের অক্টোবর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সংকটজনক খাদ্যসংকটে থাকা মানুষের সংখ্যা বেড়ে ৩৭ লাখ ২০ হাজারে পৌঁছাতে পারে। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ।

এ ছাড়া জরুরি খাদ্যসংকটের মুখোমুখি হওয়া মানুষের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৬ হাজারে পৌঁছাতে পারে, যা বর্তমানে থাকা সংখ্যার দ্বিগুণেরও বেশি।

সেভ দ্য চিলড্রেনের মাদাগাস্কার প্রতিনিধি তাতিয়ানা দাসি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা, পুষ্টি সেবা, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু-সহনশীল সহায়তার জন্য মানবিক তহবিল বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দুর্ভিক্ষপ্রবণ মৌসুম শুরু হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরো অবনতি হতে পারে।