Home খেলাধুলা বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনএজারের দাপট!

বিশ্ব ক্রীড়াঙ্গনে দুই টিনএজারের দাপট!

0

স্পোর্টস ডেস্ক।।

ফুটবল আর ক্রিকেট বিশ্বজুড়ে ক্রীড়ামোদিদের মাতিয়ে রাখে বছরজুড়ে। আর এ দুই খেলায় এখন দাপট দুই টিনএজারের। ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল আর ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী—তাদের সহজাত প্রতিভা দিয়ে মুগ্ধ করেছেন কোটি দর্শককে। কিশোর বয়সেই নিজ নিজ ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ দুই প্রতিভা আরো অনেক বছর বিশ্ব ক্রীড়াঙ্গন মাতাবেন, তাতে কোনো সন্দেহ নেই।

স্পেন দুর্দান্ত দাপটে পৌছে গেছে বিশ্বকাপের ফাইনালে। আগামী রবিবার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনার বিপক্ষে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে দ্বিতীয় শিরোপার লড়াইয়ে নামবে স্পেন। আর স্পেনের বিশ্বকাপ অভিযাত্রার কেন্দ্রে আছেন গত সপ্তাহে ১৯-এ পা দেওয়া লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর ৯ মাস ১৬ দিন বয়সে বার্সেলোনার হয়ে খেলে ইয়ামাল লা লিগায় ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন। ১৯-এ পা দেওয়ার অনেক আগেই তার শোকেস উপচে পড়ছে শিরোপায়।

স্পেনের হয়ে জিতেছেন ইউরো, এরই মধ্যে বার্সেলোনার হয়ে তিনটি লা লিগা শিরোপা আছে তার ভাণ্ডারে। লা লিগা এবং উয়েফা চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোল করেছেন লামিন। মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সেই ক্লাবের হয়ে ১০০টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার অনন্য রেকর্ড গড়েছেন। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বছর (২০২৪ এবং ২০২৫) বিশ্বের সেরা অনূর্ধ্ব-২১ খেলোয়াড়ের পুরস্কার জেতেন লামিন। ২০২৪ সালে নির্বাচিত হন ইউরোপের সেরা তরুণ খেলোয়াড় হিসেবে।

মাত্র ১৮ বছর বয়সে ২০২৫ সালের ব্যালন ডি’অর-এ রানার্স আপ হয়েছেন। এখন একটা বিশ্বকাপ হলেই তার সাফল্যের মুকুট ঝলমল করবে। খেলার মাঠ ভিন্ন হলেও, ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীর গল্পটাও অনেকটা একই রকম। ১৫ বছর বয়সেই একের পর এক রেকর্ড ভেঙে দিয়েছেন এই বিস্ময়বালক। এমনকি গোটা বিশ্ব যখন ফুটবলে বুঁদ, তখনও লাইমইাইট অনেকটাই নিজের দিকে কেড়ে নিতে পেরেছিলেন বৈভব। তার অভিষেক হওয়া না হওয়া নিয়ে রীতিমত বিভক্ত হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ বছর ৯৯ দিনে তার রেকর্ডভাঙা অভিষেক হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও বৈভব এরইমধ্যে ভেঙে দিয়েছেন পুরোনো অনেক রেকর্ড। ক্রিকেট ঈশ্বর শচিনকে হটিয়ে বৈভব সূর্যবংশী এখন ভারতের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার। ১৪ বছর ২৩ দিন বয়সে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠে নামা বৈভব আইপিএলেরও সবচেয়ে কমবয়সী ক্রিকেটার।

আইপিএলের প্রথম মৌসুমেই মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন বৈভব, যা আইপিএলে কোনো ভারতীয় খেলোয়াড়ের দ্রুততম সেঞ্চুরি। আর এবারের আইপিএলে তো তিনি নেমেছিলেন রেকর্ড ভাঙার ব্রত নিয়ে। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে ১৫ বছর বয়সী বৈভব ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৭২ ছক্কা মেরে ভেঙেছেন ক্রিস গেইলের রেকর্ড। বয়সভিত্তিক ক্রিকেটের অধিকাংশ রেকর্ডই এখন বিহারের ছেলে বৈভবের দখলে। এখন অপেক্ষা বিশ্বজয়ের।

মজাটা হলো দুই কিশোর প্রতিভাই বাহাতি। ইয়ামালের রয়েছে একটি বিপদজনক বাম পা। সঙ্গে দুর্দান্ত ড্রিবলিং ও নিখুঁত প্লেমেকিং দক্ষতা তাকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারদের কাছে আতঙ্কে পরিণত করেছে। বাহাতি সূর্যবংশীর সামনেও অসহায় বিশ্বের বাঘা বাঘা সব বোলাররা।

খেলাধুলায় শীর্ষস্থানে থাকার পাশাপাশি সূর্যবংশী এবং ইয়ামাল দুজনেই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বার্সেলোনা তারকা লামিন ইউরো ২০২৪-এ স্পেনের প্রতিনিধিত্ব করার সময়ই তার স্কুলের পরীক্ষায় পাস করেছিলেন।

অন্যদিকে, সূর্যবংশী এই বছরের শুরুতে সিবিএসই ক্লাস ১০-এর বোর্ড পরীক্ষার জন্য নাম নিবন্ধন করে অ্যাডমিট কার্ড পেলেও ব্যস্ত ক্রিকেট সূচির কারণে পরীক্ষায় বসতে পারেননি। মেসি বার্সেলোনা ছাড়ার পর ঐতিহ্যবাগী এই ক্লাবের সাফল্যের মূল চাবিকাঠি এখন লামিন ইয়ামালের হাতে। মজাটা হলো বার্সেলোনার দুই কিংবদন্তির প্রথম দেখা হয়েছিল এই ন্যু ক্যাম্পেই।

১৯ বছর আগে ৫ মাস বয়সী ইয়ামাল মায়ের সঙ্গে ন্যু ক্যাম্পে গিয়েছিলেন। ২০ বছর বয়সী লিওনেল মেসি তখন তাকে বাথটাবে গোসল করিয়ে দিয়েছিলেন। এমন একটি ছবি এখন বিশ্বজুড়ে ভাইরাল। তখন কে জানত এ দুজন একদিন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবেন। অবিশ্বাস্য প্রতিভা এবং মানসিক দৃঢ়তা—এই উপাদানগুলো এ পর্যন্ত ইয়ামাল এবং সূর্যবংশীর ক্যারিয়ারে বিশাল ভূমিকা পালন করেছে।

যেভাবে নিজেদের ছোট্ট কাঁধে তুলে নিচ্ছেন প্রত্যাশার বিশাল বোঝা, তা রীতিমতো অবিশ্বাস্য। প্রতিভা প্রমাণিত, এখন সেই প্রতিভাকে সাফল্যে বদলে দেওয়ার ধারা অব্যাহত রাখতে পারলে তাদের চূড়ান্ত সাফল্যের সীমা হবে শুধু আকাশ।