Home খেলাধুলা সমালোচনার মুখে এনজোকে নিয়ে করা পোস্ট মুছে ফেলল চেলসি

সমালোচনার মুখে এনজোকে নিয়ে করা পোস্ট মুছে ফেলল চেলসি

0

স্পোর্টস ডেস্ক।।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় উদযাপন করে দেওয়া একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে চেলসি। সমালোচনার জেরে শেষ পর্যন্ত পোস্টটি সরিয়ে নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি।

বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। ম্যাচে দলের সমতাসূচক গোলটি করেন চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। গোলের পরপরই নিজেদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে এনজোকে অভিনন্দন জানিয়ে পোস্ট করে চেলসি।

তবে পোস্টটি প্রকাশের পরই সমর্থকদের একটি বড় অংশ ক্ষোভ প্রকাশ করে। তাদের দাবি, ইংল্যান্ডভিত্তিক একটি ক্লাবের পক্ষ থেকে জাতীয় দলের বিপক্ষে করা গোল উদযাপন সমর্থকদের আবেগের প্রতি অসম্মান প্রদর্শনের সামিল। সমালোচনা বাড়তে থাকায় কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে ফেলে চেলসি। যদিও এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক সমর্থক লেখেন, একটি ইংলিশ ক্লাবের এমন আচরণ সত্যিই লজ্জাজনক। অন্যদিকে অনেকেই রসিকতা করে মন্তব্য করেন, বিতর্কিত পোস্টের কারণে ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীর চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

এনজো ফার্নান্দেজ এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন। ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পর বর্ণবাদী ও আপত্তিকর স্লোগানসংক্রান্ত একটি ঘটনায় সমালোচিত হন তিনি। পরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি চেলসিও বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল।

তবে মাঠের পারফরম্যান্সে এনজো এখনো চেলসির অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। ২০২৩ সালে বেনফিকা থেকে ব্রিটিশ রেকর্ড ট্রান্সফার ফিতে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ দেওয়া এই আর্জেন্টাইন মিডফিল্ডার ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে আবারও আলোচনায় এসেছেন।

ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা এখন বিশ্বকাপ ফাইনালে। আগামী ১৯ জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে সেই ম্যাচেও এনজোর কাছ থেকে বড় ভূমিকার প্রত্যাশা থাকবে আর্জেন্টিনা শিবিরের।