ঢাকা অফিস।।
দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা, টানা অতিবর্ষণ ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।
সোমবার (১৩ জুলাই) সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কয়েক দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম ও সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন প্রধান শহরের সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক পরীক্ষা কেন্দ্র বন্যার পানিতে প্লাবিত হয়েছে, আবার কিছু কেন্দ্র আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বুকসমান পানি ও তীব্র স্রোত অতিক্রম করে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে, যখন দেশের বিভিন্ন স্থান থেকে প্রাণহানির খবর আসছে, তখন পরীক্ষা চালিয়ে যাওয়া অমানবিক বলে মনে করছে সংগঠনটি।
জাতীয় ছাত্রশক্তির ভাষ্য, অনেক পরীক্ষার্থীর ঘরবাড়ি ও বইখাতা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাদের পক্ষে এ মুহূর্তে পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়। এ ছাড়া গ্রামীণ এলাকায় দিনের পর দিন বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া হলে মেধা মূল্যায়নে বৈষম্য তৈরি হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা দেশব্যাপী অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। সংগঠনটির মতে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুন সময়সূচি ঘোষণা করাই হবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে মানবিক ও যৌক্তিক সিদ্ধান্ত।











































