স্পোর্টস ডেস্ক।।
বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসার এবং সহযোগী সদস্য দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডকে স্বীকৃতি দিতে প্রতিবছর ‘আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের বিজয়ীদের নাম ঘোষণা করেছে সংস্থাটি।
এবার সাতটি বিভাগে পুরস্কার জিতেছে ছয়টি সহযোগী সদস্য দেশ। দেশগুলো হচ্ছে-সংযুক্ত আরব আমিরাত, ইতালি, জাপান, ব্রাজিল, তুরস্ক ও নাইজেরিয়া।
সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (এমিরেটস ক্রিকেট বোর্ড)। তারা একাই তিনটি বিভাগে পুরস্কার জিতেছে। ‘ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ এবং ‘অ্যাসোসিয়েট মেম্বার উইমেন্স পারফরম্যান্স অব দ্য ইয়ার’ পুরস্কার গেছে তাদের ঝুলিতে। এছাড়া ‘ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ বিভাগে তুরস্ক ক্রিকেটের সঙ্গে যৌথভাবে পুরস্কার পেয়েছে আমিরাত।
আইসিসি জানিয়েছে, জুনে ঘোষিত সংক্ষিপ্ত তালিকা থেকে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। উন্নয়ন ও অংশগ্রহণ, নারী ক্রিকেটে উদ্যোগ, দলীয় পারফরম্যান্স, ডিজিটাল সম্পৃক্ততা এবং সামাজিক প্রভাবসহ সাতটি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ডিজিটাল মাধ্যমে নতুনভাবে ক্রিকেটকে তুলে ধরার স্বীকৃতি হিসেবে ‘ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন। অন্যদিকে, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ‘ক্রিকেট ফর গুড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে ব্রাজিল ক্রিকেট।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ক্রিকেট উৎসব আয়োজনের স্বীকৃতিস্বরূপ ‘ক্রিকেট ফেস্টিভ্যাল অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন। সহযোগী সদস্য পুরুষ দলের বর্ষসেরা পারফরম্যান্সের পুরস্কার গেছে ইতালির ক্রিকেট বোর্ডের ঝুলিতে।
আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, ‘এই পুরস্কারগুলোর উদ্দেশ্য হলো বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সহযোগী সদস্য দেশগুলো যে অসাধারণ কাজ করছে, তা উদযাপন করা। এ বছরের বিজয়ীরা দেখিয়ে দিয়েছে, ক্রিকেট কীভাবে মানুষকে অনুপ্রাণিত করতে পারে, নতুন সুযোগ সৃষ্টি করতে পারে, কমিউনিটিকে শক্তিশালী করতে পারে এবং আরও বেশি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনারা বিশ্ব ক্রিকেটের জন্য অনুপ্রেরণা।’
আইসিসি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডস এর বিজয়ীরা
ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার: সংযুক্ত আরব আমিরাত
ফিমেল ক্রিকেট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার: সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক
অ্যাসোসিয়েট মেম্বার উইমেন্স পারফরম্যান্স অব দ্য ইয়ার: সংযুক্ত আরব আমিরাত
অ্যাসোসিয়েট মেম্বার মেনস পারফরম্যান্স অব দ্য ইয়ার: ইতালি
ডিজিটাল ফ্যান এনগেজমেন্ট অব দ্য ইয়ার: জাপান
ক্রিকেট ফর গুড সোশ্যাল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ অব দ্য ইয়ার: ব্রাজিল
ক্রিকেট ফেস্টিভ্যাল অব দ্য ইয়ার: নাইজেরিয়া











































