স্টাফ রিপোর্টার।।
খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা: শাকিলা পারভীন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, “পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬” এর ধারা ৭(১) অনুযায়ী মোহাম্মদ মনিরুজ্জামানকে আগামী ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
খুলনা ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান খুলনা সিটি করপোরেশনের হাজী মহসীন রোডের বাসিন্দা। তিনি ১৯৯৪ সালে প্রথমবার কেসিসির ২৯ নম্বর ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) নির্বাচিত হন। জনপ্রতিনিধিত্বের দীর্ঘ পথচলায় তিনি চারবার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০১৩ সালে বিপুল ভোটের ব্যবধানে কেসিসির মেয়র নির্বাচিত হন।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি তিনি ২০২৪ সালের অক্টোবরে মুক্তিযোদ্ধা সংসদের খুলনা মহানগর ইউনিটের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। তাঁরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১৭ ডিসেম্বর তাঁর নেতৃত্বে শিল্পকলা একাডেমিতে বৃহত্তর খুলনার মুক্তিযোদ্ধাদের একটি ঐতিহাসিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছিল।











































