বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় রবিবার (১২ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১০ কোর্টের ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত এ আদেশ দেন।
মামলার পরবর্তী তারিখ আগামী ১৩ আগস্ট তিশাকে আদালতে হাজির থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে ২৮ হাজার ৮শ টাকার মূল্যের একটি শাড়ী নিয়ে প্রমোশন, মূল্য পরিশোধ না করে একপর্যায়ে যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্যই প্রতারণার অভিযোগ এনেছিলেন ফ্যাশন পেজটির কর্ণধার এক নারী উদ্যোক্তা।
ওই নারী উদ্যোক্তার সঙ্গে তিশার ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ভয়েস মেসেজে কথোপকথন পর্যালোচনা করে প্রতারণার সত্যতা পাওয়া গেছে।
যা নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে একই সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে তিশা তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে দাবি করেছিলেন, ওই শাড়িটি নাকি উপহার দিয়েছেন নারী উদ্যোক্তা।
এরপর প্রতারণা, মানহানিকর কথা ও ছলচাতুরীর অভিযোগ এবং এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে তানজিন তিশা (তানজিন নাহার তিশা)কে আইনি নোটিশ দিয়েছিলেন ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো: আমিনুল ইসলামের পক্ষে বাংলাদেশের সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সলিমুল্লাহ সরকার। গত ২২ অক্টোবর তানজিন তিশার বাসায় ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়।
আইনি নোটিশ এক সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণের পাশাপাশি ওই নারী উদ্যোক্তাকে নিয়ে স্যোশাল মিডিয়ায় মিথ্যাচার করার জন্য ক্ষমা চাইতে বলা হয় তিশাকে। কিন্তু আইনি নোটিশে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বিষয়টি নিয়ে নীরব থাকায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন অ্যাপোনিয়ার এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর ৯৬২/২০২৫।
মামলায় দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় অপরাধ আমলে নিয়ে আসামির প্রতি গ্রেপ্তারি পরোয়ানার আদেশ চাওয়া হলে ম্যাজিস্ট্রেট মো: জুয়েল রানার আদালত তিশার বিরুদ্ধে মামলাটি আমলে নিয়ে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থাকে (ডিবি) তদন্তের নির্দেশ দেন।এরপর মামলাটির তদন্ত করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা সংস্থা (ডিবি) আদালতে রিপোর্ট প্রেরণ করেন। এর প্রেক্ষিতেই তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
এ সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার (বাংলাদেশ সুপ্রিম কোর্ট) বলেন, ‘তানজিন তিশার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে ডিবির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তিনি দেশের একজন নামকরা সেলিব্রিটি। তাকে অসংখ্য মানুষ ফলো করেন। কিন্তু তার কাছে এই ধরনের প্রতারণার শিকার হওয়াটা দু:খজনক। তাই আশাকরি আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।’









































